ঢাকা: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁরা এই শ্রদ্ধা জানান।
আরও পড়ুন…সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত
সকাল ৭টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সকাল ৭টা ২০ মিনিটে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান।
এ সময় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। বিউগলে করুণ সুর বেজে ওঠে, যা উপস্থিত সকলকে আবেগাপ্লুত করে তোলে। শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা পৃথকভাবে উপদেষ্টামণ্ডলীর সদস্য, শীর্ষ বেসামরিক ও সামরিক কর্মকর্তা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, “শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের সম্মুখসারির যোদ্ধা। তাঁদের আত্মত্যাগ ছাড়া স্বাধীন বাংলাদেশের পথচলা কল্পনাই করা যায় না।”
উল্লেখ্য, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পরাজয় আসন্ন বুঝতে পেরে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আল-বদর ও আল-শামস পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের হত্যা করে। শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, শিল্পী ও শিক্ষকসহ বহু গুণীজনকে বাড়ি থেকে চোখ বেঁধে তুলে নিয়ে নির্মম নির্যাতনের পর হত্যা করা হয়। পরে তাঁদের মরদেহ রায়েরবাজার, মিরপুরসহ রাজধানীর বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়।
এই নৃশংস হত্যাকাণ্ডের মাধ্যমে স্বাধীনতাপ্রাপ্ত বাংলাদেশকে বুদ্ধিবৃত্তিকভাবে পঙ্গু করার অপচেষ্টা চালানো হয়েছিল। শহীদ বুদ্ধিজীবীদের মধ্যে রয়েছেন ড. আলীম চৌধুরী, অধ্যাপক মুনির চৌধুরী, অধ্যাপক মুনিরুজ্জামান, ড. ফজলে রাব্বী, সিরাজুদ্দীন হোসেন, শহীদুল্লাহ কায়সার, অধ্যাপক জিসি দেব, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, অধ্যাপক সন্তোষ ভট্টাচার্য, মোফাজ্জল হায়দার চৌধুরী, সাংবাদিক খন্দকার আবু তালেব, নিজামউদ্দিন আহমেদ, এস এ মান্নান (লাডু ভাই), এ এন এম গোলাম মোস্তফা, সৈয়দ নাজমুল হক ও সেলিনা পারভীনসহ আরও অনেকে।
শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতি তাঁদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এবং স্বাধীনতার চেতনায় দেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
ইবাংলা.প্রেস/ বা এ