সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় অনিয়ম এবং উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে দেশের তিন জেলায় পৃথক এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ:
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় সড়ক নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগের প্রেক্ষিতে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, কুমিল্লা থেকে একটি এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সড়ক ও জনপথ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার দুইজন নিরপেক্ষ প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প সংশ্লিষ্ট দুইজন প্রকৌশলী, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে সরাইল উপজেলার শাহবাজপুর থেকে শাহজাদাপুর চকবাজার অংশ পর্যন্ত সড়ক সরেজমিনে পরিদর্শন করা হয়।
পরিদর্শনকালে স্থানীয় জনগণ সড়কের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় এনফোর্সমেন্ট টিম সড়কের তিনটি ভিন্ন স্থান থেকে নির্মাণসামগ্রীর নমুনা সংগ্রহ করে। সংগৃহীত নমুনার বিশেষজ্ঞ প্রতিবেদন পর্যালোচনা শেষে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।
কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় অনিয়ম:
সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, পাবনা থেকে একটি এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে।
অভিযানকালে টিম ছদ্মবেশে আগত রোগীদের সঙ্গে কথা বলে এবং হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ও অন্যান্য স্টাফদের কার্যক্রম পর্যবেক্ষণ করে। প্রাপ্ত তথ্য ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার বক্তব্য পর্যালোচনায় দেখা যায়, বিধি-বহির্ভূতভাবে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) ও সিনিয়র স্টাফ নার্স জরুরি ও বহির্বিভাগে আগত রোগীদের ব্যবস্থাপত্র প্রদান করছেন।
আরও পড়ুন…তারেক রহমান সিলেটে পৌঁছেছেন
রোগীরা অভিযোগ করেন, হাসপাতালের ব্যবস্থাপত্র অনুযায়ী সব ওষুধ দেওয়া হয় না এবং অধিকাংশ ওষুধ বাইরে থেকে কিনতে বলা হয়। এছাড়া হাসপাতালের প্যাথোলজিক্যাল ইউনিট ও ওয়ার্ডের পরিবেশ নোংরা পাওয়া যায়।
সার্বিক বিবেচনায় চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণে ব্যাপক অব্যবস্থাপনার চিত্র উঠে আসে। অভিযানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।
পীরগঞ্জে টি.আর ও কাবিখা প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ:
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে টি.আর ও কাবিখা প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঠাকুরগাঁও থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে এনফোর্সমেন্ট টিম ২০২২–২৩ অর্থবছরের টি.আর ও কাবিখা প্রকল্পের আওতায় বাস্তবায়িত বিভিন্ন রাস্তা পরিদর্শন করে। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। স্থানীয় জনগণের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়।