দুই দিনের ধাক্কায় ভরিতে ৩০ হাজার টাকার বেশি কমলো সোনা, বড় পতনে বাজারে চমক

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ৩১ জানুয়ারী ২০২৬

বছরের শুরু থেকে পাগলা ঘোড়ার মতো ছুটে চলা দেশের সোনার বাজারে হঠাৎ করেই বড় ধরনের পতন দেখা দিয়েছে। রেকর্ড ভেঙে ভেঙে যখন সোনার দাম তিন লাখ টাকার কাছাকাছি পৌঁছে যাচ্ছিল, ঠিক তখনই শক্ত ব্রেক পড়ল হলুদ ধাতুর দামে।

গতকাল দেশের বাজারে এক ধাক্কায় ভরিতে ১৪ হাজার ৬৩৯ টাকা কমার পর আজ শনিবার (৩১ জানুয়ারি) তার চেয়েও বড় পতনের ঘোষণা এসেছে। দেশের সোনার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, আজ প্রতি ভরিতে সর্বোচ্চ ১৫ হাজার ৭৪৬ টাকা পর্যন্ত সোনার দাম কমানো হয়েছে।

ফলে মাত্র দুই দিনের ব্যবধানে দেশের বাজারে প্রতি ভরি সোনার দাম কমে গেছে ৩০ হাজার টাকারও বেশি।

বাজুসের ঘোষিত নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নেমে এসেছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকায়।

বাজার সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক বাজারে দরপতনের সরাসরি প্রভাবেই দেশের বাজারে এই বড় সমন্বয় করা হয়েছে। বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিট থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।

সংগঠনটি আরও জানায়, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে। তবে মূল কারণ হিসেবে আন্তর্জাতিক বাজারে সোনার দামের বড় পতনের কথাও উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন…নির্বাচন বয়কটের আহ্বানে রাষ্ট্রীয় স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন

বিশ্বজুড়ে সোনা ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, শনিবার সকালে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম নেমে আসে ৪ হাজার ৮৯০ ডলারে। অথচ এর আগের বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৫ হাজার ৫৫০ ডলার ছাড়িয়ে গিয়েছিল।

বাজুসের নতুন দর তালিকা অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে—

  • ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা,

  • ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৪৪ হাজার ১১ টাকা,

  • ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৯ হাজার ১৩৬ টাকা এবং

  • সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার পাশাপাশি রুপার বাজারেও বড় দরপতন দেখা গেছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী—

  • ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৭ হাজার ২৯০ টাকা,

  • ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৬ হাজার ৯৪০ টাকা,

  • ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৯৪৯ টাকা এবং

  • সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৪৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

টানা দরপতনের কারণে দেশের জুয়েলারি বাজারে ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে যদি এই নিম্নমুখী ধারা অব্যাহত থাকে, তাহলে সামনে আরও সমন্বয় আসতে পারে দেশের সোনার বাজারে।

ইবাংলা বাএ

দিনেরদুইধাক্কায়