ঢাকার উন্নয়ন প্রকল্পে ভারতের অনুদান বাড়ল ৭৪ শতাংশ

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ০১ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ভারতবিরোধী মনোভাব ও ভূ-রাজনৈতিক টানাপড়েনের আলোচনা থাকলেও ঢাকার জন্য অর্থ সহায়তা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে নয়াদিল্লি। ভারতের ২০২৬ অর্থবছরের কেন্দ্রীয় বাজেটে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য ৬০ কোটি রুপি বরাদ্দ রাখা হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত অর্থবছরের সংশোধিত বাজেটে বাংলাদেশের জন্য ভারতের বরাদ্দ ছিল ৩৪ কোটি ৪৮ লাখ রুপি। নতুন বাজেটে তা বেড়ে ৬০ কোটি রুপিতে দাঁড়ানোয় বাংলাদেশের জন্য ভারতের অনুদান প্রায় ৭৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ভারতবিরোধী কিছু জনমত দেখা গেলেও নয়াদিল্লি তার ‘প্রতিবেশী প্রথম’ নীতিতে অটল রয়েছে। উন্নয়ন অংশীদারত্ব ধরে রাখতেই বাংলাদেশের জন্য বরাদ্দে এই বড় উল্লম্ফন ঘটানো হয়েছে।

আরও পড়ুন…শের-ই বাংলা স্টেডিয়ামের নতুন প্রবেশ বিধিতে বিএসপিএ ও বিএসজেএর প্রতিবাদ

২০২৬ সালের প্রাথমিক বাজেট প্রস্তাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের জন্য ১২০ কোটি রুপি বরাদ্দের সুপারিশ করেছিল। পরে সার্বিক পরিস্থিতি বিবেচনায় তা চূড়ান্ত করে ৬০ কোটি রুপিতে নির্ধারণ করা হয়। এই অর্থ বাংলাদেশে ভারতের অর্থায়নে পরিচালিত কমিউনিটি ডেভেলপমেন্ট প্রকল্প ও বিভিন্ন অবকাঠামো উন্নয়ন কার্যক্রমে ব্যয় করা হবে।

নতুন বাজেটে প্রতিবেশী দেশগুলোর ক্ষেত্রে ভারতের বরাদ্দে ভিন্ন চিত্র দেখা গেছে। বরাবরের মতো এবারও সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে ভুটান, যাদের জন্য ২ হাজার ২৮৮ কোটি রুপি রাখা হয়েছে। এছাড়া আফগানিস্তানের জন্য বরাদ্দ ১০০ কোটি থেকে বাড়িয়ে ১৫০ কোটি রুপি করা হয়েছে।

তবে নেপাল, মালদ্বীপ ও মরিশাসের মতো দেশগুলোর জন্য বরাদ্দ আগের বছরের তুলনায় কিছুটা কমানো হয়েছে।

এদিকে ভূ-রাজনৈতিক চাপ ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ঝুঁকি বিবেচনায় ইরানের চাবাহার বন্দরের জন্য বরাদ্দ অনুদান পুরোপুরি বাতিল করেছে নয়াদিল্লি।

সব মিলিয়ে নতুন অর্থবছরে বিদেশি রাষ্ট্রগুলোর জন্য ভারত মোট ৮ হাজার ৭৯২ কোটি রুপি ঋণ ও অনুদান দেওয়ার পরিকল্পনা করেছে।

ইবাংলা বাএ

উন্নয়নঢাকারপ্রকল্পে