নির্বাচনের সময় ইন্টারনেট বন্ধ হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ০১ ফেব্রুয়ারি ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়ে দেশে ইন্টারনেট ব্যবহার স্বাভাবিক থাকবে বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের সময় ইন্টারনেট সংযোগ সম্পূর্ণ চালু থাকবে। কেউ যদি উদ্দেশ্যমূলকভাবে ইন্টারনেট বন্ধের চেষ্টা করে, তবে তাকে কঠোর আইনের আওতায় আনা হবে। সরকারের মূল পরিকল্পনা হলো তথ্য ও যোগাযোগ ব্যবস্থাকে নিরবচ্ছিন্ন রাখা।

উপদেষ্টা বলেন, বর্তমান ডিজিটাল যুগে ফেসবুক বা ইন্টারনেট বন্ধ করা গ্রহণযোগ্য সমাধান নয়। বর্তমান সরকার জনগণের স্বাধীন মত প্রকাশের প্রতি বিশ্বাসী এবং কোনো ধরনের বিধিনিষেধ আরোপ করা হবে না।

তিনি আরও বলেন, সাংবাদিক ও সাধারণ মানুষ যাতে স্বাধীনভাবে তথ্য আদান-প্রদান ও সংবাদ প্রচার করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করা হবে। নির্বাচনী মাঠের পরিবেশ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বজায় রাখতে সরকার সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত।

নির্বাচনকালীন সহিংসতা বা অভ্যন্তরীণ কোন্দলের বিষয়ে তিনি সতর্ক করেছেন এবং সব রাজনৈতিক দলকে অপ্রীতিকর ঘটনা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন।

ইবাংলা বাএ

ইন্টারনেটনির্বাচনেরসময়