ওসমান হাদি হত্যায় মূল সহযোগীর দোষ স্বীকার

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ০১ ফেব্রুয়ারি ২০২৬

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি করিম মাসুদ ওরফে রাহুলের ঘনিষ্ঠ সহযোগী ফয়সাল রুবেল আহমেদ (৩৩) আদালতে দোষ স্বীকার করেছেন।

রোববার (১ ফেব্রুয়ারি) প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান জানান, দুই দফায় ৯ দিনের রিমান্ড শেষে রুবেলকে শনিবার (৩১ জানুয়ারি) আদালতে হাজির করা হয়। রুবেল স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করা হয়।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান রুবেলের জবানবন্দি রেকর্ড করেন এবং পরে তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে, গত ২১ জানুয়ারি মধ্যরাতে দক্ষিণ কেরানীগঞ্জের আটি নয়াবাজার এলাকা থেকে ডিবি পুলিশের সহায়তায় রুবেলকে গ্রেফতার করা হয়।

হাদির হত্যাকাণ্ড ঘটেছিল ১২ ডিসেম্বর, রাজধানীর বিজয়নগর এলাকায় পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে। চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী তাকে গুলি করে। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়, যেখানে ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।

ইবাংলা বাএ

ওসমানহত্যায়হাদি