বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার গঠন করতে পারলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নই হবে সর্বোচ্চ অগ্রাধিকার, যাতে সাধারণ মানুষ নিরাপদ বোধ করতে পারে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর গুলশান মডেল হাই স্কুল ভোটকেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সকাল ৯টা ৩৬ মিনিটে তিনি কেন্দ্রে প্রবেশ করেন এবং ৯টা ৫০ মিনিটে ভোট শেষে বেরিয়ে আসেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।
ভোটাধিকার প্রয়োগ করতে পেরে সন্তোষ প্রকাশ করে তারেক রহমান বলেন, দীর্ঘদিন পর ভোট দিতে পারা তার জন্য আনন্দের বিষয়। একই সঙ্গে তিনি বিএনপির বিজয়ের বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
সাংবাদিকদের তিনি বলেন, দেশের মানুষ এক যুগেরও বেশি সময় ধরে এই দিনের জন্য অপেক্ষা করছিল। তিনি আশা প্রকাশ করেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবেন।
আরও পড়ুন…দেশবাসীকে নির্ভয়ে ভোট দিতে বললেন সেনাপ্রধান
সারাদেশে গত রাতে ঘটে যাওয়া কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রসঙ্গে তারেক রহমান বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি দ্রুত ও কঠোরভাবে নিয়ন্ত্রণে নিয়েছে, যা তাকে আশাবাদী করেছে।
তিনি ভোটার ও দলীয় নেতাকর্মীদের শেষ পর্যন্ত কেন্দ্রে অবস্থান করে শান্তিপূর্ণভাবে ভোট কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। তার ভাষায়, মানুষ সারাদিন ভোটকেন্দ্রে এসে তাদের অধিকার প্রয়োগ করলে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব হবে।
আইনশৃঙ্খলা উন্নয়নের পাশাপাশি নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করে বিএনপি চেয়ারম্যান বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। তাদের বাদ দিয়ে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। নির্বাচনী ইশতেহার অনুযায়ী নারীর মূল্যায়ন ও ক্ষমতায়নের কার্যক্রম সরকার গঠনের প্রথম দিন থেকেই শুরু করা হবে।
সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, স্থিতিশীল ও নিরাপদ আগামীর প্রত্যাশা জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।