সমঝোতা না হলে সামরিক পদক্ষেপ; ইরানকে ১০ দিনের আল্টিমেটাম যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক | ইবাংলা.প্রেস | ২০ ফেব্রুয়ারি, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, আগামী প্রায় ১০ দিনের মধ্যে ওয়াশিংটনের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে হবে তেহরানকে। অন্যথায় দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনার কথাও ইঙ্গিত দিয়েছেন তিনি। খবর প্রকাশ করেছে Al Jazeera।

আরও পড়ুন…চিঠি পাঠালেন ট্রাম্প তারেক রহমানকে

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের রাজধানী Washington, D.C.-তে আয়োজিত বোর্ড অব পিসের উদ্বোধনী বৈঠকে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, গত বছরের জুনে ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-এর যৌথ সামরিক অভিযান গাজায় যুদ্ধবিরতির পরিবেশ তৈরিতে ভূমিকা রেখেছিল। তার দাবি, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা না হলে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা আরও কঠিন হতো।

ট্রাম্প বলেন, “এখন আমাদের হয়তো আরও এক ধাপ এগোতে হতে পারে, আবার নাও হতে পারে। হয়তো আমরা একটি চুক্তিতে পৌঁছাবো। আগামী প্রায় ১০ দিনের মধ্যেই বিষয়টি জানা যাবে।”

এদিকে, এর একদিন আগে বুধবার (১৮ ফেব্রুয়ারি) আব্বাস আরাগচি জানান, সুইজারল্যান্ডের Geneva-য় অনুষ্ঠিত আলোচনায় দুই পক্ষের মধ্যে ‘ভালো অগ্রগতি’ হয়েছে। তবে আলোচনা চলার মধ্যেই উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র তাদের সামরিক উপস্থিতি আরও জোরদার করেছে। সেখানে দুটি বিমানবাহী রণতরী ও ডজনখানেক যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবারের বক্তব্যে ট্রাম্প আরও জানান, ইরানি প্রতিনিধিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উপদেষ্টা স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার ‘খুব ভালো বৈঠক’ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমাদের একটি অর্থবহ চুক্তি করতে হবে। না হলে খারাপ কিছু ঘটবে।”
ইবাংলা.প্রেস/ বাএ