সরকারের প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর ও সমন্বিত করতে আটজন প্রতিমন্ত্রীর দফতর পুনর্বণ্টন করা হয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর দুই রাজনৈতিক উপদেষ্টার দায়িত্বও বাড়ানো হয়েছে।
বুধবার (০৪ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর বিধান অনুযায়ী এই পুনর্বণ্টন অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
নতুন দায়িত্ব অনুযায়ী প্রতিমন্ত্রীরা
মো. শরিফুল আলম- এখন থেকে কেবল বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।
সুলতান সালাউদ্দিন টুকু- দায়িত্ব পেলেন শুধু মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের।
হাবিবুর রশিদ- এখন থেকে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্বে থাকবেন।
মো. রাজিব আহসান- দায়িত্ব পেয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের।
মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি- কেবল পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুন…স্পেনকে শাস্তি দিতে চান ট্রাম্প, পাল্টা জবাব মাদ্রিদের
ফারজানা শারমীন- এখন থেকে শুধু সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন।
মো. নুরুল হক নুর- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
ববি হাজ্জাজ- কেবল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।
দুই রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব বৃদ্ধি
আলাদা প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীর দুই রাজনৈতিক উপদেষ্টাকে নির্দিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
নজরুল ইসলাম খান-রাজনৈতিক উপদেষ্টার দায়িত্বের পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন।
রুহুল কবির রিজভী আহমেদ-শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব যুক্ত হয়েছে তার বর্তমান পদের সঙ্গে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গত ২৪ ফেব্রুয়ারি তাদের মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
এদিকে, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সই করা প্রজ্ঞাপনে জানানো হয়—গত ১৭ ও ২৪ ফেব্রুয়ারির প্রজ্ঞাপনগুলোর অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে এবং নতুন এই দফতর পুনর্বণ্টন আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।