বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যয় : প্রণয় কুমার ভার্মা

ইবাংলা.প্রেস | বিশেষ প্রতিবেদন | ৮ মার্চ ২০২৬

রাজধানীতে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ভবিষ্যৎ সহযোগিতার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। তিনি বলেছেন, একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে ভারত সবসময় সমর্থন করেছে এবং ভবিষ্যতেও এ সমর্থন অব্যাহত থাকবে।

আরও পড়ুন…ঐতিহাসিক ৭ই মার্চ: বাঙালির স্বাধীনতার ডাক, বঙ্গবন্ধুর অমর ভাষণ

শনিবার (৭ মার্চ) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ইফতার অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক সহযোগিতা এবং জনগণের গভীর সম্পর্ক দুই দেশের ভবিষ্যৎ সম্ভাবনাকে আরও উজ্জ্বল করে তুলেছে।

অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব Mirza Fakhrul Islam Alamgirসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সংসদের হুইপ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং কূটনৈতিক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন সংবাদপত্রের সম্পাদক, সিনিয়র সাংবাদিক ও বিশিষ্ট নাগরিকরাও অনুষ্ঠানে যোগ দেন।

ইফতার অনুষ্ঠানে বক্তব্যে প্রণয় কুমার ভার্মা বাংলাদেশ-ভারতের ঐতিহাসিক বন্ধুত্বের কথা স্মরণ করে বলেন, দুই দেশের জনগণের মধ্যে দীর্ঘদিনের সামাজিক ও পারিবারিক বন্ধন রয়েছে, যা দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও দৃঢ় ভিত্তি দিয়েছে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় দুই দেশের মানুষের যৌথ ত্যাগ ও সহযোগিতা আজও ঐক্যের এক শক্তিশালী প্রতীক।

ভার্মা বলেন, বর্তমান সময়ে ভারত ও বাংলাদেশ দুটি অগ্রসরমান ও সম্ভাবনাময় সমাজ হিসেবে আঞ্চলিক সহযোগিতা ও পারস্পরিক সমৃদ্ধির ভিত্তিতে এক নতুন ভবিষ্যতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। এই সম্পর্ককে আরও গভীর করতে উভয় দেশের নেতৃবৃন্দ ও জনগণের সম্মিলিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। ইফতার আয়োজনে বিভিন্ন রাজনৈতিক দল ও গণমাধ্যম প্রতিনিধিদের অংশগ্রহণকে দুই দেশের বন্ধুত্ব ও সহযোগিতার প্রতীক হিসেবেও উল্লেখ করেন ভারতীয় হাইকমিশনার।

এ সময় পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানান প্রণয় কুমার ভার্মা। তিনি বলেন, রমজান সংযম, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। তিনি আশা প্রকাশ করেন, এ মাস সবার জীবনে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনবে।

ইবাংলা.প্রেস/ বাএ

বাংলাদেশ-ভারতসম্পর্ক