ঢাকা: বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট ইয়োহানেস জুট তিন দিনের বাংলাদেশ সফর শেষ করেছেন। এই সফরে তিনি সরকারের শীর্ষ নেতৃত্ব, সরকারি কর্মকর্তারা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন।
জুট বলেন, “সরকার দক্ষতা ও বিনিয়োগের পাশাপাশি বৃহৎ পরিসরে কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় এবং বিশ্বব্যাংকও এই অঙ্গীকারে অংশীদার। বিশেষভাবে তরুণ ও নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে আমরা সমর্থন বাড়াচ্ছি।
তিনি আরও উল্লেখ করেন, “গত দশকে ১ কোটি ৪০ লাখ তরুণ শ্রমবাজারে প্রবেশ করেছে, কিন্তু চাকরির সংখ্যা মাত্র ৮৭ লাখ। অর্থাৎ প্রায় অর্ধেক তরুণ কর্মসংস্থান পাননি। বিশ্বব্যাপী অনিশ্চয়তা বৃদ্ধি পাওয়ায় সরকারের দীর্ঘদিনের অর্থনৈতিক ও আর্থিক খাতের সংস্কারগুলো গ্রহণ করা জরুরি।
আরও পড়ুন…সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ আরও ২
সফরের সময় জুট অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরএর সঙ্গে বৈঠক করেন। তিনি বলেন, বিশ্বব্যাংক গ্রুপ দেশগুলোকে এমন অর্থনীতি গড়ে তুলতে সহায়তা করছে যা স্থানীয় কর্মসংস্থান বাড়ায়।
বিশ্বব্যাংক বাংলাদেশের স্বাধীনতার পর থেকে সমর্থনকারী প্রথম উন্নয়ন অংশীদারদের মধ্যে অন্যতম। তারা অনুদান, সুদমুক্ত ঋণ এবং সহজ শর্তে ঋণ আকারে ৪৬ বিলিয়ন ডলারের বেশি অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে।