সুদানে হাসপাতালে ভয়াবহ হামলায় ১৩ শিশুসহ নিহত ৬৪

ইবাংলা.প্রেস | আন্তর্জাতিক ডেস্ক | ২৩ মার্চ ২০২৬

সুদানের দারফুর অঞ্চলে একটি হাসপাতালে ভয়াবহ হামলায় অন্তত ৬৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন শিশু রয়েছেন।শুক্রবার (২০ মার্চ) রাতে পূর্ব দারফুরের রাজধানী আল দাইন শহরের একটি শিক্ষণ হাসপাতালে এই হামলার ঘটনা ঘটে।

শনিবার (২১ মার্চ) বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়াসুস সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, হামলায় রোগীদের পাশাপাশি দুইজন নার্স এবং একজন চিকিৎসক প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও আটজন স্বাস্থ্যকর্মীসহ অন্তত ৮৯ জন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, হামলায় হাসপাতালের শিশু বিভাগ, প্রসূতি ইউনিট এবং জরুরি বিভাগ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে হাসপাতালটি সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়েছে এবং শহরের জরুরি চিকিৎসাসেবা ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে।

আরও পড়ুন…কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় তদন্তে ৩ কমিটি

ডব্লিউএইচও প্রধান এই হামলাকে ‘মর্মান্তিক’ আখ্যা দিয়েছেন। তিনি জানান, সুদানের চলমান গৃহযুদ্ধে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে হামলার ফলে মৃতের সংখ্যা ইতোমধ্যে দুই হাজার ছাড়িয়েছে।

গত তিন বছরে সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী ‘র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস’-এর মধ্যে সংঘর্ষে ২১৩টি স্বাস্থ্যকেন্দ্রে হামলা হয়েছে। এসব হামলায় এ পর্যন্ত মোট দুই হাজার ৩৬ জনের মৃত্যু নথিভুক্ত হয়েছে।তবে আল দাইনের এই হামলার জন্য এখনো নিশ্চিতভাবে কোনো পক্ষ দায়ী হিসেবে চিহ্নিত করা যায়নি।

ইবাংলা বাএ

ভয়াবহসুদানেহাসপাতালে