ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ আব্দুল মান্নান।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহমুদুল হাসানের সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) খালেদ বিন মনসুর, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
প্রধান অতিথির বক্তব্যে এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন,নবীনগর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত ও স্থিতিশীল রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য।
আরও পড়ুন…গণহত্যা ও নৃশংসতার ভয়াবহ কালরাত আজ
তিনি বলেন, “অপরাধ দমনে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলেই চলবে না, এ ক্ষেত্রে জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, মাদক, চুরি-ডাকাতি ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে এবং এ বিষয়ে প্রশাসনকে কঠোর অবস্থান নিতে হবে।
পাশাপাশি যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে দ্রুত তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
এমপি মান্নান বলেন, “নবীনগরকে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও উন্নয়নমুখী উপজেলা হিসেবে গড়ে তুলতে আমরা সবাই একসাথে কাজ করব।” তিনি সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের মাধ্যমে এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন।
সভায় বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন এবং উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।শেষে, সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের মাধ্যমে নবীনগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।