সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র আওতাধীন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব খোলা বিষয়ক বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে। বুধবার (১ এপ্রিল) ব্যাংকের কর্পোরেট শাখায় আনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ শওকাতুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোঃ মোকসুদুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক বিশ্বজিৎ কুমার দে, মুহাম্মদ আনছারুল কবির ও মোহাম্মদ ফয়সল খান, অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর ও বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোঃ ওমর ফারুক, ব্যাংকের নির্বাহী, কর্মকর্তা এবং গ্রাহকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ শওকাতুল আলম বলেন, “সম্মিলিত ইসলামী ব্যাংক দেশের একমাত্র রাষ্ট্র মালিকানাধীন ইসলামী ব্যাংক। এ ব্যাংকে গ্রাহকদের আমানত সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত রয়েছে।
আরও পড়ুন…দেশের ইতিহাসে রেকর্ড রেমিট্যান্স এলো
তিনি গ্রাহকদের আতঙ্কিত না হয়ে আস্থার সঙ্গে নির্বিঘ্নে লেনদেন ও সব ধরনের ব্যাংকিং সেবা গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি ব্যাংকের কর্মকর্তাদের আরও আন্তরিক ও মানসম্মত গ্রাহকসেবা নিশ্চিত করার নির্দেশ দেন।
সভাপতির বক্তব্যে মুহম্মদ বদিউজ্জামান দিদার বলেন, “গ্রাহকরাই ব্যাংকের চালিকাশক্তি। গ্রাহকদের সঙ্গে আরও দৃঢ় সম্পর্ক গড়ে তুলতেই এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।ব্যাংক সূত্রে জানা গেছে, মাসব্যাপী এই ক্যাম্পেইনের মাধ্যমে নতুন চলতি ও সঞ্চয়ী হিসাব খোলায় গ্রাহকদের উৎসাহিত করা হবে এবং সেবার মান আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হবে।