সরকার গুরুত্ব দিচ্ছে না জনগণের সিদ্ধান্তকে: জামায়াত আমির

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ০৩ এপ্রিল ২০২৬

সরকার জনগণের সিদ্ধান্তকে গুরুত্ব দিচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, দেশের ৭০ শতাংশ মানুষের মতামতকে প্রাধান্য না দিয়ে সরকার জনবিরোধী অবস্থান নিয়েছে। অন্যদিকে, বিএনপি জনগণের কাছে দেয়া ওয়াদা বরখেলাপ করে সংকট তৈরি করছে বলেও মন্তব্য করেন ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে জামায়াতের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান দেশের বর্তমান জ্বালানি সংকট, শিক্ষা ব্যবস্থা এবং রাজনৈতিক অস্থিরতা নিয়ে সরকারের তীব্র সমালোচনা করেন।

স্কুল বন্ধ করে অনলাইনে শিক্ষাকার্যক্রম পরিচালনার সরকারি সিদ্ধান্তের সমালোচনা করে জামায়াত আমির বলেন, এটি সরকারের নির্বুদ্ধিতার পরিচয়। শিশুরা এমনিতেই ডিভাইসে আসক্ত হয়ে পড়ছে, অনলাইন ক্লাসের নামে তাদের হাতে ডিভাইস ধরিয়ে দিলে এই আসক্তি আরও বাড়বে। তিনি অবিলম্বে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম সচল করার দাবি জানান।

আরও পড়ুন…২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ৯৪৭, মৃত্যু ৩

দেশের অর্থনৈতিক ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, বৈশ্বিক সংকট মোকাবিলায় সরকার লুকোচুরি করছে। তিনি বলেন, সরকারের কথাবার্তা শুনলে মনে হয় বাংলাদেশ তেলের ওপর ভাসছে। অথচ বাস্তব অবস্থা সম্পূর্ণ ভিন্ন। লুকোচুরি না করে সত্যটা জনগণের সামনে তুলে ধরুন।

তিনি বলেন, বিএনপি গণভোটের রায় অস্বীকার করে ফ্যাসিবাদী কাঠামোতে ফিরতে চাইছে। তিনি আরও বলেন, গণঅভ্যুত্থান করা যুবসমাজ এখনও জীবিত।

অধিকার কেড়ে নেয়ার সুযোগ কাউকে দেয়া হবে না। আমাদের আন্দোলন হবে নিয়মতান্ত্রিক ও ইস্পাতকঠিন। তবে আন্দোলনে বিশৃঙ্খলা বা ভায়োলেন্স করতে আসলে তার দাঁতভাঙা জবাব দেয়া হবে।

সমাবেশে তিনি আরও বলেন, সরকার সব জায়গায় দলীয় লোক ও ‘হেরে যাওয়া’ ব্যক্তিদের প্রশাসক হিসেবে বসিয়ে নিরপেক্ষতা হারিয়েছে। জনগণের দাবি আদায়ে দেশপ্রেমিক যুবসমাজকে আবারও রাজপথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিরোধী দলীয় এই নেতা।

ইবাংলা বাএ

গুরুত্বদিচ্ছেনাসরকার