শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নার্সিং প্রশাসনে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ, সেবার মান নিয়ে উদ্বেগ

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ৯ জুন ২০২৬

ঢাকা: রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং প্রশাসনে দীর্ঘদিন ধরে অনিয়ম, স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার ও আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের কারণে হাসপাতালের নার্সিং সেবার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট একাধিক নার্স ও ভুক্তভোগীরা।

অভিযোগ অনুযায়ী, বর্তমান সেবাতত্ত্বাবধায়ক শাহনেওয়াজ পারভীন অতীতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে দায়িত্ব লাভ করেন। পরবর্তীতে বিভিন্ন দায়িত্ব ও চার্জ বণ্টনের ক্ষেত্রেও নিয়মনীতি উপেক্ষা করে ব্যক্তিগত প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করেছে, নার্সিং মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী কোনো কর্মকর্তা দুই বছরের বেশি সময় একটানা চার্জে থাকার সুযোগ না থাকলেও বাস্তবে দীর্ঘ সময় ধরে একই ব্যক্তিদের দায়িত্বে রাখা হয়েছে। এছাড়া ওয়ার্ড ইনচার্জ নিয়োগ ও দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে আর্থিক লেনদেনের অভিযোগও রয়েছে।

আরও অভিযোগ রয়েছে, প্রশিক্ষণ (ট্রেনিং) কর্মসূচিতে স্বচ্ছতা না রেখে নির্দিষ্ট কিছু নার্সকে বারবার সুযোগ দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচির নামে অর্থ সংগ্রহ করে তার যথাযথ হিসাব প্রদান করা হয় না বলেও অভিযোগ করেছেন কয়েকজন নার্স।

আরও পড়ুন…আন্তর্জাতিক সভ্যতা সংলাপ দিবসে জাতিসংঘ মহাসচিবের বার্তা

ইন্টার্ণ নার্স এবং বিভিন্ন বেসরকারি নার্সিং প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্লিনিক্যাল প্র্যাকটিস এবং সনদপত্র প্রদানের ক্ষেত্রেও অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে অর্থ আদায় করা হয়েছে।

হাসপাতালের একটি ওয়ার্ডে দায়িত্ব পালনকালে রোগীদের কাছ থেকে অর্থ গ্রহণ, দালালচক্রের সঙ্গে সম্পৃক্ততা এবং ওয়ার্ডের ভেতরে অননুমোদিত বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার অভিযোগও সামনে এসেছে। তবে এসব অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিচারিক সিদ্ধান্ত পাওয়া যায়নি।

সংশ্লিষ্টদের অভিযোগ, মূল্যবান উপহার বা ব্যক্তিগত সুবিধা দিতে অপারগ কর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়, যার ফলে কর্মপরিবেশ ও সেবাদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। হাসপাতালের সাধারণ নার্সদের মধ্যেও এ নিয়ে ব্যাপক অসন্তোষ বিরাজ করছে বলে জানা গেছে।

এদিকে, শাহনেওয়াজ পারভীন এবং তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে একাধিকবার তদন্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, তদন্তের পরও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় অনিয়ম ও স্বজনপ্রীতির সংস্কৃতি অব্যাহত রয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে শাহনেওয়াজ পারভীনের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন হাসপাতালের একাধিক কর্মী ও সংশ্লিষ্টরা। অনুসন্ধান চলছে… আরও বিস্তারিত আসছে…

ইবাংলা বাএ

নার্সিংশহীদসোহরাওয়ার্দীহাসপাতালে