আরো যেসব খাত আসছে ভ্যাটের আওতায়

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ২৪ জুন ২০২৬

মুদিদোকান ও বিউটি পার্লারসহ বেশ কয়েক ধরনের নতুন ব্যাবসায়িক খাতকে আসন্ন ২০২৬-২৭ অর্থবছরে ভ্যাটের (মূল্য সংযোজন কর) আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (২৪ জুন) সংসদ অধিবেশনে সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই পরিকল্পনার কথা জানান।আজকের সংসদ অধিবেশন স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রশ্নোত্তরটি টেবিলে উপস্থাপিত হয়।

আরও পড়ুন…প্রধানমন্ত্রী বেইজিং পৌঁছেছেন

অর্থমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, মুদিদোকান ও বিউটি পার্লার ছাড়াও আরও যেসব ব্যাবসায়িক খাতকে নতুন করে ভ্যাটের আওতায় আনার পরিকল্পনা রয়েছে, সেগুলো হলো তৈরি পোশাক বা কাপড়ের বিক্রেতা, কনফেকশনারি, কসমেটিকস বা প্রসাধনের দোকান, প্লাস্টিক ও সিরামিকের গৃহস্থালি পণ্য, জুতার দোকান, হার্ডওয়্যার পণ্যের বিক্রেতা, ডেকোরেটর এবং মোবাইল ফোন, এসি, ফ্রিজ, ওভেনসহ অন্যান্য ইলেকট্রনিকস পণ্যের বিক্রেতা।

এর পাশাপাশি পেইন্ট, স্যানিটারি ও ফিটিংস, টাইলসের দোকান, ঢেউটিনের দোকান, রড ও সিমেন্ট, ফার্নিচার, মিষ্টান্ন ভাণ্ডার এবং রেস্টুরেন্টকেও এই প্রক্রিয়ায় যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে আরও জানান, বিগত ২০২৪-২৫ অর্থবছরে ভ্যাট বাবদ সরকারের মোট ১ লাখ ৪১ হাজার ৫৮৬ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। দেশের অভ্যন্তরীণ রাজস্ব খাতকে আরও শক্তিশালী করতেই নতুন নতুন খাতকে ভ্যাটের আওতায় আনার এই রূপরেখা তৈরি করা হচ্ছে।

ইবাংলা বাএ

আওতায়আসছেভ্যাটের