২০২৬ সালের মাধ্যমিক (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ১১টি শিক্ষা বোর্ডে এ বছর গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। একই সঙ্গে কাঙ্ক্ষিত জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ ফলাফলের অনুলিপি মন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, গত বছর অর্থাৎ ২০২৫ সালের তুলনায় এবার সার্বিক পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা উভয়ই কমেছে। গত বছর গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। সেই হিসাবে এবার পাসের হার কমেছে ৬ দশমিক ২ শতাংশ এবং জিপিএ-৫ কমেছে ২২ হাজার ৩৫৬টি।
আরও পড়ুন…শি লিডস টুমরো’ অনুষ্ঠানে ড. জুবাইদা রহমান
চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। সারাদেশের ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এই পরীক্ষায় অংশগ্রহণ করে।
বোর্ডভিত্তিক পরিসংখ্যানে জানা গেছে, সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ১৮ হাজার ৩১৮ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলে ৩ লাখ ৩ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।সাধারণ ৯টি বোর্ডের গড় পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ। এর মধ্যে সাধারণ বোর্ডগুলোতে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জন পরীক্ষার্থী।
স্বচ্ছতা ও মূল্যায়নের নিরপেক্ষতা বজায় রেখে এই ফলাফল তৈরি করা হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানানো হয়েছে। সকাল থেকেই শিক্ষার্থীরা মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে এবং শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটের পাশাপাশি স্ব-স্ব প্রতিষ্ঠান থেকে ফলাফল সংগ্রহ করতে পারছে।