দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামান এবং কমিশনার হিসেবে ড. জাহাঙ্গীর আলম খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া আজ দায়িত্ব গ্রহণ করেছেন।
গত ১৭ আগস্ট মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ৭-এর উপধারা (১) অনুযায়ী তাদের নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামানকে দুদকের চেয়ারম্যান করা হয়েছে।
আরও পড়ুন…রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে করা রিট খারিজ
সাবেক সচিব ড. জাহাঙ্গীর আলম খান এবং ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) সাবেক চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়াকে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামান চলতি বছরের ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে অবসর নেন। এর আগে তিনি দীর্ঘদিন হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৫৯ সালের ১ মার্চ নওগাঁ জেলায় জন্মগ্রহণকারী আসাদুজ্জামান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
১৯৮৩ সালে জেলা আদালতের আইনজীবী এবং ১৯৮৫ সালে হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০১ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি।
দুদকের নতুন কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান একজন অবসরপ্রাপ্ত সচিব এবং বিসিএস (প্রশাসন) ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা। ১৯৬৩ সালের ৬ জুলাই মানিকগঞ্জে জন্ম নেওয়া জাহাঙ্গীর আলম খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর এবং পরবর্তীতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
১৯৮৮ সালে সরকারি চাকরিতে যোগ দিয়ে ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সরকারি চাকরির পাশাপাশি তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে খণ্ডকালীন অধ্যাপনা করেছেন।
দুদকে যোগদানের আগে তিনি ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে আইনের অধ্যাপক এবং আইন মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পে লিগ্যাল এক্সপার্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
অন্য কমিশনার ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য এবং অর্থ মন্ত্রণালয়ের অধিভুক্ত ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
১৯৬৩ সালের ১৫ অক্টোবর কুমিল্লায় জন্মগ্রহণকারী সাজ্জাদ হোসেন ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ থেকে বি.কম ও এম.কম ডিগ্রি অর্জন করেন।
তিনি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ ও এবি ব্যাংকে কর্মজীবন শুরু করেন। ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স, ব্যাংকিং, আন্তর্জাতিক ব্যবসা বিভাগ এবং আইবিএতে খণ্ডকালীন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
ফিন্যান্স, বাণিজ্য, ক্যাশ ফ্লো, মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন, সম্পদ ও দায় মূল্যায়ন, ট্রান্সফার প্রাইসিং, মানিলন্ডারিং, রাজস্ব ব্যবস্থাপনা এবং ফিন্যান্সিয়াল রিপোর্টিং বিষয়ে তার অভিজ্ঞতা রয়েছে।নতুন চেয়ারম্যান ও দুই কমিশনারের যোগদানের মধ্য দিয়ে দুর্নীতি দমন কমিশনের নতুন নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করল।