ভোটগ্রহণ শুরু রাষ্ট্রপতি নির্বাচনে

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ২০ আগস্ট ২০২৬

দীর্ঘ ৩৫ বছর পর আবারও জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে সংসদ ভবনের সংসদ কক্ষে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

ভোট দিতে এরই মধ্যে সংসদ ভবনে প্রবেশ করেছেন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সংসদে উপস্থিত হয়েছেন।

এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।

আরও পড়ুন…ধর্ম বা বিশ্বাসের ভিত্তিতে সংঘটিত সহিংসতার শিকারদের স্মরণে আন্তর্জাতিক দিবসে জাতিসংঘ মহাসচিবের বার্তা

মোট ৩৪৯ জন সংসদ সদস্য এ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। তবে বিএনপির সংসদ সদস্য মির্জা আব্বাস অসুস্থ থাকায় ভোটে অংশ নিতে পারছেন না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

সংসদে বিএনপির সদস্য সংখ্যা ২৪৭ হওয়ায় সংখ্যার সমীকরণে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় কার্যত নিশ্চিত বলে মনে করা হচ্ছে। তবে একাধিক প্রার্থী থাকায় আইন অনুযায়ী ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

সংসদ সদস্য হওয়ায় মির্জা ফখরুল নিজেও ভোট দিতে পারবেন। অন্যদিকে সংসদ সদস্য না হওয়ায় অলি আহমদের ভোট দেওয়ার সুযোগ নেই।

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গোপন নয়। সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসে ব্যালটে পছন্দের প্রার্থীর নামের পাশে পূর্ণ নাম লিখে স্বাক্ষর করবেন। ভোটগ্রহণ শেষে বিকেল ৫টার পরপরই সংসদ কক্ষে ভোট গণনা শুরু হবে।

গণনা শেষে সেখানেই ফল ঘোষণা করবেন নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। পরে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।

নির্বাচন কমিশন গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে। এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন আওয়ামী লীগ আমলে নির্বাচিত মো. সাহাবুদ্দিন। পদটি শূন্য হওয়ার পর সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

১৯৯১ সালে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর ওই বছর প্রথমবার সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর টানা সাতজন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় আর ভোটের প্রয়োজন হয়নি।

এবার বিরোধী জোট প্রার্থী দেওয়ায় ৩৫ বছর পর আবারও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হচ্ছে।নির্বাচনের ফল ঘোষণার পর শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টায় নতুন রাষ্ট্রপতির বঙ্গভবনে শপথ নেওয়ার কথা রয়েছে।

ইবাংলা বাএ

নির্বাচনেরাষ্ট্রপতিশুরু