দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ঢাকা বিভাগে তিনজন ও সিলেট বিভাগে দুই শিশুর মৃত্যুর রেকর্ড করা হয়েছে। এক দিনে নতুন করে রোগটিতে আক্রান্ত ও উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ৩১ জনের শরীরে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই সর্বশেষ চিত্র উঠে এসেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে চলতি আগস্টের ২৭ তারিখ পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫৫ জনে। মৃতদের মধ্যে হামের উপসর্গ নিয়ে ৮৫৬ জন এবং গবেষণাগারে হাম শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ৯৯।
আরও পড়ুন…হামে আরও ৭ শিশুর মৃত্যু
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৫ জনের শরীরে হাম শনাক্ত করা হয়েছে। একই সময়ে আরও ৯৫৬ জনের দেহে হামের প্রাথমিক উপসর্গ ধরা পড়েছে। এ নিয়ে গত সাড়ে পাঁচ মাসে মোট শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ১৮ হাজার ৭২৬ এবং উপসর্গ থাকা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৬৯২।
বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহণ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। গত ১৫ মার্চ থেকে এই পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ৩৪ হাজার ৪৩৭ জন হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন।
চিকিৎসাসেবা শেষে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ লাখ ২৯ হাজার ৪৮৯ জন রোগী।স্বাস্থ্যবিদদের মতে, শিশু ও স্বাস্থ্যঝুঁকিতে থাকা মানুষদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও সময়মতো টিকা প্রদান নিশ্চিত করা গেলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।