শিল্পের বিদ্যুতায়ন ও দায়িত্বশীল এআইকে জলবায়ু মোকাবিলার অগ্রাধিকার দিল কপ৩১

ইবাংলা.প্রেস | তুরস্কের আন্তালিয়া থেকে ইস্রাফিল হাওলাদার | ১৬ নভেম্বর ২০২৬

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিল্প খাতের বিদ্যুতায়ন, পরিবেশবান্ধব শিল্পায়ন এবং দায়িত্বশীল কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহারকে বিশেষ অগ্রাধিকার দিয়ে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা করেছে কপ৩১-এর প্রেসিডেন্সি। সোমবার (১৬ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় এসব উদ্যোগের ঘোষণা দেওয়া হয়।

Islami Bank

ঘোষিত কর্মপরিকল্পনায় কৃত্রিম বুদ্ধিমত্তাকে জলবায়ু সমাধানের কার্যকর হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠা, শিল্প খাতে কার্বন নিঃসরণ কমানো এবং পরিচ্ছন্ন প্রযুক্তির বিস্তারে সরকার, ব্যবসাপ্রতিষ্ঠান, বিনিয়োগকারী, গবেষণা প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এ লক্ষ্যে ‘আনতালিয়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্লেজ’, ‘এআই-এনাবলড ক্লিনটেক ইনিশিয়েটিভ’ এবং ‘আনতালিয়া গ্রিন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কমপ্যাক্ট’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি স্বল্পোন্নত দেশগুলোর পরিবেশবান্ধব শিল্পায়নে অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বৃদ্ধির জন্য বিশেষ ব্যবস্থাও তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন…আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে সারাদেশে: স্বরাষ্ট্রমন্ত্রী

কপ৩১ প্রেসিডেন্সির তথ্যমতে, বিশ্বব্যাপী মোট কার্বন নিঃসরণের প্রায় এক-চতুর্থাংশের জন্য দায়ী শিল্প খাত। এ খাতে কম ও প্রায় শূন্য কার্বন নিঃসরণভিত্তিক উৎপাদনব্যবস্থা গড়ে তুলতে বিনিয়োগ, প্রযুক্তির ব্যবহার এবং বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে প্রতিটি দেশের অর্থনৈতিক অবস্থা, শিল্প কাঠামো ও অগ্রাধিকার বিবেচনায় নিয়েই এ রূপান্তর বাস্তবায়নের কথা বলা হয়েছে।

কপ৩১ প্রেসিডেন্ট মুরাত কুরুম বলেন, জলবায়ু সমাধানের অংশ হতে হবে শিল্প ও প্রযুক্তিকে। প্রতিটি দেশের বর্তমান সক্ষমতা ও কৌশলগত অগ্রাধিকার বিবেচনায় শিল্প খাতের বিদ্যুতায়ন প্রয়োজন। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত সম্প্রসারণ যেন দায়িত্বশীলভাবে পরিচালিত হয় এবং জলবায়ু কার্যক্রমের কল্যাণে ব্যবহৃত হয়, তা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও পরিচ্ছন্ন প্রযুক্তি উৎপাদন ও কৃষির মতো সম্পদনির্ভর খাতেও প্রবৃদ্ধি অব্যাহত রাখতে সহায়তা করতে পারে, যাতে উপকরণ ও জ্বালানির ব্যবহার একই হারে না বাড়ে।

এদিকে কপ৩১ প্রেসিডেন্সি ‘আনতালিয়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্লেজ’ নামে একটি স্বেচ্ছামূলক আন্তর্জাতিক অঙ্গীকার কাঠামো চালুর ঘোষণা দিয়েছে। এর আওতায় সরকার, বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনকে পরিবেশবান্ধব এআই অবকাঠামো নির্মাণ, দায়িত্বশীলভাবে এআই ব্যবস্থাপনা, প্রযুক্তির পরিবেশগত প্রভাব মূল্যায়ন এবং জলবায়ু কার্যক্রমে এআই ব্যবহারের জন্য অর্থায়ন ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর অঙ্গীকার করতে আহ্বান জানানো হয়েছে।বিশেষ করে উন্নয়নশীল দেশ, স্বল্পোন্নত দেশ এবং ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর জন্য এআই প্রযুক্তি ও প্রয়োজনীয় অবকাঠামো সহজলভ্য করার বিষয়টিও এতে গুরুত্ব পেয়েছে।

আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) মহাসচিব ডোরিন বগডান-মার্টিন বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় এআই শক্তিশালী হাতিয়ার হলেও এর ব্যবহার অবশ্যই দায়িত্বশীল হতে হবে।

আনতালিয়া এআই প্লেজের মাধ্যমে এমন প্রযুক্তিগত উদ্ভাবন নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার হবে, যা সবার উপকারে আসবে, বিশেষ করে জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর।

one pherma

শহরাঞ্চলে জলবায়ু কার্যক্রম ত্বরান্বিত করতেও নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। কপ৩১ প্রেসিডেন্সি, আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন, ইউএন-হ্যাবিট্যাট এবং জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক কাঠামো সনদ (ইউএনএফসিসিসি) যৌথভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল টুইন এবং ইন্টারনেট অব থিংস (আইওটি) ব্যবহারের মাধ্যমে স্মার্ট ও জলবায়ু-সহনশীল শহর গড়ে তোলার আহ্বান জানাবে।

স্বল্পোন্নত দেশগুলোর পরিবেশবান্ধব শিল্পায়নে ‘লিস্ট ডেভেলপড কান্ট্রিজ গ্রিন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ফ্যাসিলিটি’ বা এলডিসি-জিআইএফ ব্যবস্থার কথাও তুলে ধরা হয়েছে।

এর মাধ্যমে প্রকল্প তৈরি ও উন্নয়ন, উপযুক্ত প্রযুক্তি নির্বাচন ও হস্তান্তর, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং বিদ্যমান অর্থায়ন ব্যবস্থার সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ তৈরি হবে। দেশগুলোর নিজস্ব অগ্রাধিকার অনুযায়ী এ কার্যক্রম পরিচালিত হবে।

অন্যদিকে, কপ৩১ প্রেসিডেন্সি, অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি) এবং ক্লাইমেট ক্লাব শিল্প খাতের রূপান্তরে দেশভিত্তিক প্ল্যাটফর্ম গড়ে তোলার বিষয়ে নির্দেশিকা প্রকাশ করেছে। এতে বিনিয়োগের উপযোগী পরিবেশ তৈরি, প্রকল্পের তালিকা ও প্রস্তুতি, অর্থায়ন সংগ্রহ, সুশাসন এবং অগ্রগতি পর্যবেক্ষণের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা (ইউএনআইডিও)-এর মহাপরিচালক গের্ড মুলার বলেন, কোনো দেশকেই উন্নয়ন ও জলবায়ু কার্যক্রমের মধ্যে একটি বেছে নিতে বাধ্য করা উচিত নয়। পরিবেশবান্ধব শিল্পায়ন নিঃসরণ কমানোর পাশাপাশি ভবিষ্যতের পরিচ্ছন্ন প্রযুক্তি শিল্প, দক্ষ জনশক্তি এবং মানসম্মত কর্মসংস্থান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে কপ৩১-এর প্রেসিডেন্ট অব নেগোসিয়েশনস ক্রিস বোয়েন জলবায়ু আলোচনায় বিজ্ঞানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সর্বশেষ বৈজ্ঞানিক গবেষণা অনুযায়ী বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিকে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার লক্ষ্য অতিক্রমের আশঙ্কা রয়েছে।

তবে সম্মিলিত উদ্যোগ ও জরুরি পদক্ষেপের মাধ্যমে তাপমাত্রাকে আবারও নিরাপদ পর্যায়ে ফিরিয়ে আনা সম্ভব।তিনি আরও বলেন, বৈশ্বিক নিঃসরণ কমানো, জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজন এবং পরবর্তী বৈশ্বিক পর্যালোচনায় (গ্লোবাল স্টকটেক) বিজ্ঞানকে কেন্দ্রীয় অবস্থানে রাখতে হবে।

কপ৩১ প্রেসিডেন্সির এসব উদ্যোগের সম্মিলিত লক্ষ্য হলো প্রযুক্তি ও শিল্পায়নের প্রতিশ্রুতিকে বাস্তব জলবায়ু কার্যক্রমে রূপান্তর করা। এর সঙ্গে ২০৩৫ সালের মধ্যে মোট চূড়ান্ত জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ৩৫ শতাংশে উন্নীত করার ‘৩৫ বাই ৩৫’ লক্ষ্যমাত্রাও যুক্ত রয়েছে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us