সমঝোতার শেষ প্রচেষ্টায় তুরস্কের ঐতিহ্যবাহী ‘দিভান’ পদ্ধতি অনুসরণ করল কপ৩১ প্রেসিডেন্সি
ইবাংলা.প্রেস | তুরস্কের আন্তালিয়া থেকে ইস্রাফিল হাওলাদার | ১৯ নভেম্বর ২০২৬
জলবায়ু আলোচনার চূড়ান্ত পর্যায়ে বিভিন্ন দেশের মধ্যে মতপার্থক্য দূর করে ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে তুরস্কের কয়েক শতাব্দী প্রাচীন ‘দিভান’ ঐতিহ্যকে কাজে লাগিয়েছে কপ৩১ প্রেসিডেন্সি।
সম্মেলনের সভাপতি মুরাত কুরুম এবং আলোচনাবিষয়ক সভাপতি ক্রিস বোয়েনের উদ্যোগে আয়োজিত এই অনানুষ্ঠানিক বৈঠকে বিভিন্ন দেশের মন্ত্রী ও আলোচকরা একত্রিত হয়ে জলবায়ু চুক্তির গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়গুলো নিয়ে মতবিনিময় করেন।
কপ৩১-এর শেষ দিনগুলোতে আলোচনার অগ্রগতিকে চূড়ান্ত সমঝোতায় রূপ দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বৈঠকে বিভিন্ন আলোচনাগোষ্ঠীর প্রতিনিধিদের পাশাপাশি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিরাও অংশ নেন। এর মূল লক্ষ্য ছিল আলোচনার বিভিন্ন ধারায় অর্জিত অগ্রগতিকে একটি ভারসাম্যপূর্ণ ও সমন্বিত সিদ্ধান্তের আওতায় নিয়ে আসা।
আরও পড়ুন…COP31-এর জলবায়ু কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে সমুদ্র ও প্রকৃতি
তুরস্কের ঐতিহাসিক ‘দিভান’ ঐতিহ্য মূলত এমন একটি পরামর্শ ও সিদ্ধান্ত গ্রহণের ব্যবস্থা, যেখানে ভিন্ন দায়িত্ব ও মতাদর্শের ব্যক্তিরা একত্রিত হয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বিষয় নিয়ে আলোচনা করতেন।
এর সবচেয়ে পরিচিত উদাহরণ ‘দিভান-ই-হুমায়ুন’ বা অটোমান সাম্রাজ্যের রাজকীয় পরিষদ। পঞ্চদশ শতাব্দী থেকে এই পরিষদ রাষ্ট্র পরিচালনা, কূটনীতি, অর্থনীতি, প্রশাসন ও বিচারসংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব পালন করে আসছিল।
কপ৩১ প্রেসিডেন্সি এই ঐতিহাসিক ধারণার আদলে মন্ত্রীদের জন্য একটি উন্মুক্ত আলোচনার পরিবেশ তৈরি করেছে। সেখানে অংশগ্রহণকারীরা নিজ নিজ দেশের অগ্রাধিকার তুলে ধরার পাশাপাশি কোন কোন বিষয়ে সমঝোতায় পৌঁছানো সম্ভব এবং চূড়ান্ত চুক্তির জন্য কী ধরনের ছাড় বা সহযোগিতা প্রয়োজন, তা নিয়ে আলোচনা করেন।
কপ৩১ সভাপতি মুরাত কুরুম বলেন, বৈঠকে উঠে আসা মতামত সপ্তাহের বাকি সময়জুড়ে প্রেসিডেন্সির পরামর্শ ও আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কোন কোন বিষয়ে দেশগুলো কাছাকাছি অবস্থানে পৌঁছেছে এবং কোথায় এখনো মতপার্থক্য রয়েছে, তা স্পষ্টভাবে বোঝা প্রয়োজন।
তিনি বলেন, এই পর্যায়ে প্রত্যেকের নিজস্ব অবস্থান পুনরায় তুলে ধরার চেয়ে কোথায় একসঙ্গে এগিয়ে যাওয়া সম্ভব, তা চিহ্নিত করাই বেশি গুরুত্বপূর্ণ। দিভান ঐতিহ্যের চেতনা ধারণ করে একে অপরের কথা শোনা, অভিন্ন অবস্থান সম্প্রসারণ এবং সম্ভাবনাকে বাস্তব সিদ্ধান্তে রূপ দেওয়ার আহ্বান জানান তিনি।
কপ৩১ আলোচনাবিষয়ক সভাপতি ক্রিস বোয়েন বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্ব যে সম্মিলিতভাবে কাজ করতে পারে এবং মানুষের বাস্তব অর্থনৈতিক ও জ্বালানিসংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিতে পারে, তা প্রমাণের একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, এখন অভিন্ন অবস্থানের ভিত্তিতে উচ্চাভিলাষী, ভারসাম্যপূর্ণ ও বাস্তবসম্মত বার্তা নিয়ে বিশ্ববাসীর সামনে উপস্থিত হওয়া প্রয়োজন।কপ৩১-এর শেষ পর্যায়ের এই উদ্যোগের মাধ্যমে প্রেসিডেন্সি বিভিন্ন আলোচনার অগ্রগতি সমন্বয় করে সপ্তাহের শেষ নাগাদ একটি ভারসাম্যপূর্ণ চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চায়।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.