COP31-এর জলবায়ু কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে সমুদ্র ও প্রকৃতি
ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ১৮ নভেম্বর ২০২৬
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সমুদ্র ও প্রকৃতিকে বৈশ্বিক কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে রেখে নতুন আন্তর্জাতিক উদ্যোগ ঘোষণা করেছে কপ৩১ (COP31) প্রেসিডেন্সি।
সমুদ্র ও উপকূলীয় পরিবেশ সুরক্ষা, ব্লু ফাইন্যান্স সম্প্রসারণ, সামুদ্রিক বিজ্ঞান ও তথ্য আদান-প্রদান জোরদার এবং জলবায়ু, জীববৈচিত্র্য ও ভূমি ব্যবস্থাপনায় সমন্বিত পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে।
এর অংশ হিসেবে ‘আন্টালিয়া মহাসাগর ও সমুদ্র চুক্তি’ (Antalya Ocean and Seas Compact) ঘোষণা করা হয়েছে। এই চুক্তির মাধ্যমে সমুদ্রভিত্তিক জলবায়ু কার্যক্রমে আন্তর্জাতিক অংশীদারিত্ব বাড়ানো, অর্থায়নের সুযোগ সম্প্রসারণ এবং দেশগুলোর জাতীয় জলবায়ু পরিকল্পনায় সমুদ্র ও উপকূলীয় পরিবেশের গুরুত্ব আরও জোরালো করার আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন…কপ৩১-এর শেষ পর্যায়ের আলোচনায় ঐকমত্য গড়তে মন্ত্রীদের নিয়ে ‘দিভান’ বৈঠক আজ
কপ৩১-এর সভাপতি মুরাত কুরুম বলেন, মহাসাগর বৈশ্বিক জলবায়ু নিয়ন্ত্রণ, মানুষের জীবিকা এবং বিভিন্ন সম্প্রদায়ের অস্তিত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
কিন্তু বৈশ্বিক উষ্ণায়ন, সমুদ্রের অম্লীকরণ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও দূষণের কারণে সামুদ্রিক বাস্তুতন্ত্র এবং উপকূলীয় জনগোষ্ঠী ক্রমবর্ধমান ঝুঁকির মুখে পড়ছে।
তিনি বলেন, উপকূলীয় বাস্তুতন্ত্র পুনরুদ্ধার, আগাম সতর্কীকরণ ব্যবস্থা শক্তিশালী করা, সমুদ্রবিজ্ঞান ও তথ্য বিনিময়ের উন্নয়ন এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সক্ষমতা বাড়ানোর মতো কার্যকর সমাধান রয়েছে। তবে এসব উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থায়ন, দক্ষতা ও আন্তর্জাতিক অংশীদারিত্ব নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ।
কপ৩১-এর প্রশান্ত মহাসাগরীয় মহাসাগরবিষয়ক দূত ইনিয়া সেরুইরাতু বলেন, প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর অর্থনীতি, খাদ্যনিরাপত্তা ও জীবনযাত্রা সরাসরি সমুদ্রের ওপর নির্ভরশীল। বৈশ্বিক জলবায়ু ব্যবস্থার অন্যতম নিয়ন্ত্রক হিসেবে সমুদ্রকে জলবায়ু সমাধানের কেন্দ্রবিন্দুতে রাখতে হবে।
সমুদ্র সুরক্ষায় নতুন আন্তর্জাতিক উদ্যোগ:
আন্টালিয়া মহাসাগর ও সমুদ্র চুক্তির পাশাপাশি ‘আঞ্চলিক ও আন্তর্জাতিক মহাসাগর ও সমুদ্র সহযোগিতা উদ্যোগ’ চালু করেছে কপ৩১ প্রেসিডেন্সি। এর মাধ্যমে অভিন্ন সমুদ্র ও উপকূলীয় অঞ্চল রক্ষায় বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক অংশীদারদের একত্রিত করা হবে।
উদ্যোগটির লক্ষ্য ২০৩৫ সালের মধ্যে অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষতিগ্রস্ত উপকূলরেখার অন্তত ২০ শতাংশ পুনরুদ্ধার করা। পাশাপাশি পরিচ্ছন্ন সামুদ্রিক জ্বালানি, পরিবেশবান্ধব বন্দর, নৌপরিবহন ও পর্যটন খাতে জলবায়ু-সহনশীল বিনিয়োগ এবং ঝুঁকিপূর্ণ উপকূলীয় জনগোষ্ঠীর জন্য আগাম সতর্কীকরণ ব্যবস্থা সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
এ ছাড়া সামুদ্রিক বর্জ্য ও দূষণ মোকাবিলায় ‘মেরিন লিটার অ্যাকশন প্ল্যাটফর্ম’কে আন্তর্জাতিক পর্যায়ে সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। তুরস্কের ‘জিরো ওয়েস্ট’ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিভিন্ন দেশের মধ্যে জ্ঞান, প্রযুক্তি, দক্ষতা ও অর্থায়নের সংযোগ তৈরি করবে এই প্ল্যাটফর্ম।
সমুদ্র অর্থায়ন ও বিজ্ঞানে তুরস্ক-অস্ট্রেলিয়ার সহযোগিতা:
সমুদ্র ও উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষায় তুরস্ক ও অস্ট্রেলিয়া যৌথভাবে কাজ করছে। বিশেষ করে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর সমুদ্র ও উপকূলীয় প্রকল্পে অর্থায়ন বাড়ানো এই সহযোগিতার অন্যতম লক্ষ্য।
এ উদ্যোগের অংশ হিসেবে দুই দেশ অ্যান্টার্কটিকার বৈশ্বিক জলবায়ু ব্যবস্থায় ভূমিকা এবং সমুদ্র ও উপকূলীয় জনগোষ্ঠীর ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে আলোচনা করতে বিজ্ঞানী ও নীতিনির্ধারকদের একত্রিত করেছে।
জলবায়ু, জীববৈচিত্র্য ও ভূমি সুরক্ষায় নতুন জোট:
কপ৩১ প্রেসিডেন্সি জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য হ্রাস ও ভূমি অবক্ষয়ের মতো আন্তঃসম্পর্কিত সংকট মোকাবিলায় ‘রিও সিনারজিস গ্রুপ ফর অ্যাকশন’ প্রতিষ্ঠা করেছে।এটি একটি স্বেচ্ছামূলক ও দেশ-নেতৃত্বাধীন উদ্যোগ।
তিনটি রিও কনভেনশনের আওতায় বিদ্যমান কার্যক্রমের মধ্যে সমন্বয় বাড়ানো এবং দেশগুলোকে বিশেষজ্ঞ জ্ঞান, আন্তর্জাতিক অংশীদারিত্ব ও অর্থায়নের সঙ্গে যুক্ত করাই এর উদ্দেশ্য। নতুন কোনো বাধ্যবাধকতা বা অতিরিক্ত প্রতিবেদন দাখিলের চাপ ছাড়াই বাস্তবায়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
এদিকে সবুজ শিল্পায়ন ও চক্রাকার অর্থনীতির প্রসারেও আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্ব দিয়েছে কপ৩১। এ ক্ষেত্রে তুরস্ক ও জার্মানি জার্মানির আন্তর্জাতিক জলবায়ু উদ্যোগের (IKI) আওতায় সহযোগিতা জোরদার করেছে। নির্মাণ খাতে জ্বালানি ব্যবহার ও চক্রাকার অর্থনীতিতে রূপান্তর ত্বরান্বিত করতে নতুন বৃহৎ অনুদান কর্মসূচিও চালু করা হয়েছে।
তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ ব্যবস্থাপনা বিভাগের মহাপরিচালক ফাতিহ তুরান বলেন, আন্টালিয়া মহাসাগর ও সমুদ্র চুক্তি সমুদ্র সুরক্ষায় সম্মিলিত অঙ্গীকারকে বাস্তব কর্মপরিকল্পনায় রূপ দিয়েছে। ভূমধ্যসাগরীয় অঞ্চলে উষ্ণায়ন, সামুদ্রিক দূষণ ও উপকূলীয় ক্ষয়ের মতো ঝুঁকি মোকাবিলায় সীমান্ত অতিক্রমকারী সহযোগিতা অপরিহার্য।
জাতিসংঘ মহাসচিবের মহাসাগরবিষয়ক বিশেষ দূত পিটার থমসন চুক্তিটিকে প্রশান্ত মহাসাগরীয় প্রি-কপ সম্মেলনে দেওয়া কপ৩১ প্রেসিডেন্সির প্রতিশ্রুতির বাস্তবায়ন হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, মহাসাগরকে বাদ দিয়ে জলবায়ু পরিবর্তন নিয়ে কার্যকর আলোচনা সম্ভব নয়। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসার গুরুত্বও স্বীকার করতে হবে।
উডস হোল ওশেনোগ্রাফিক ইনস্টিটিউশনের সমুদ্র ও জলবায়ু নীতিবিষয়ক পরিচালক এবং কপ৩১ উপদেষ্টা বোর্ডের সদস্য ড. কিলাপার্টি রামকৃষ্ণ বলেন, সুস্থ সমুদ্র ছাড়া জলবায়ুর স্থিতিশীলতা অর্জন সম্ভব নয়।
আন্টালিয়া চুক্তি সরকার ও অংশীদারদের সমুদ্রবিজ্ঞানকে নীতিনির্ধারণে কাজে লাগানো, অর্থায়ন সংগ্রহ এবং উপকূলীয় জনগোষ্ঠী ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর জন্য বাস্তব ফলাফল অর্জনে একটি যৌথ কর্মসূচি দিয়েছে।
কপ৩১ প্রেসিডেন্সির এসব উদ্যোগের মাধ্যমে সমুদ্র সুরক্ষা, প্রকৃতি পুনরুদ্ধার এবং জলবায়ু অর্থায়নকে একই কাঠামোর আওতায় এনে আন্তর্জাতিক সহযোগিতাকে বাস্তব কার্যক্রমে রূপ দেওয়ার প্রচেষ্টা জোরদার হচ্ছে।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.