স্রেব্রেনিকা গণহত্যা দিবসে জাতিসংঘ মহাসচিবের বার্তা
ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | জাতিসংঘ সংবাদ | ৭ জুলাই ২০২৫ | ঢাকা
আগামী ১১ জুলাই ২০২৫, বিশ্ব স্মরণ করবে ইতিহাসের এক বিভীষিকাময় অধ্যায়, স্রেব্রেনিকায় সংঘটিত গণহত্যার ৩০তম বার্ষিকী। ১৯৯৫ সালের এই মাসেই বসনিয়ান সার্ব বাহিনীর হাতে স্রেব্রেনিকায় ৮,০০০ এরও বেশি বসনিয়ান মুসলিম পুরুষ ও কিশোরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ নৃশংসতা হিসেবে পরিচিত।
এই দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এক লিখিত বার্তায় বলেন, “স্রেব্রেনিকার নারকীয় স্মৃতি শুধু প্রতিফলনের নয়, এটি বিশ্বব্যাপী ঘৃণা ও সহিংসতার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান।”
আরও পড়ুন…বিশ্ব জনসংখ্যা দিবসে তরুণদের ক্ষমতায়নের ডাক
সোমবার (৭ জুলাই) জাতিসংঘ তথ্য কেন্দ্র, ঢাকা-এর মাধ্যমে প্রকাশিত বার্তায় বলা হয়, হাজার হাজার নারী, শিশু এবং বয়স্ক ব্যক্তিকে সেদিন জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছিল, যাদের জীবনে চিরতরে দুঃসহ দাগ রেখে গিয়েছিল সেই নির্মমতা।
মহাসচিব বলেন, “আমরা আজ সম্মান জানাই সেসব সাহসী মানুষদের, যারা এই হত্যাযজ্ঞের পর বেঁচে ছিলেন, যারা ন্যায়বিচার আদায়ের জন্য লড়াই চালিয়ে গেছেন। বিশেষ করে ‘স্রেব্রেনিকার মায়েরা’ যারা তাদের সন্তান হারিয়েও মাথা নত করেননি, বরং ন্যায় প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রেখেছেন।”
তিনি আরও বলেন, “আজকের এই দিন বিশ্বকে মনে করিয়ে দেয়- ঘৃণার ভাষা, ইতিহাস বিকৃতি এবং সত্য অস্বীকার কখনো মানবজাতিকে রক্ষা করতে পারে না। বরং এসবই নতুন সহিংসতার জন্ম দেয়। সুতরাং আমাদের অবশ্যই সত্য, ন্যায় এবং মানবাধিকারের পক্ষে অবিচল থাকতে হবে।”
জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার এবং সকল মানুষের মর্যাদা রক্ষার ওপর জোর দিয়ে বলেন, “স্রেব্রেনিকার স্মৃতি আমাদের এই অঙ্গীকার নবায়ন করুক- যাতে ‘আর কখনও নয়’ শুধু একটি স্লোগান নয়, বরং আমাদের ভবিষ্যতের প্রতিশ্রুতি হয়ে উঠে।”


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.