ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কাজলিয়া গ্রামে মহেশ রোডের পাশের একটি ধানক্ষেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় এলাকাবাসীর চোখে ধরা পড়া এই হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।নিহত যুবকের নাম সোহেল (২৪), তিনি নবীনগর উপজেলার মেরকুটা এলাকার বাসিন্দা মলাই মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে কাজলিয়া গ্রামের ধানক্ষেতে পড়ে থাকা মরদেহটি দেখতে পান স্থানীয়রা। বিষয়টি সঙ্গে সঙ্গে নবীনগর থানাকে অবহিত করলে, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
নবীনগর থানার এক পুলিশ কর্মকর্তা জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে—সোহেলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা এ হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত ছিল বলে ইঙ্গিত দেয়।
আরও পড়ুন…পবিত্র জুমার দিনের ফজিলত ও করণীয়
এই হত্যাকাণ্ড ঘিরে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ঘটনাটির পেছনে কারা জড়িত, কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে—তা খুঁজে বের করতে ইতোমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিহতের পরিবারে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.