পাকিস্তানে সেনা অভিযানে নিহত মাদারীপুরের ফয়সাল নামের এক যুবক
ব্যুরো অফিস, খাইবার পাখতুনখোয়া | ইবাংলা.প্রেস | ২৯ সেপ্টেম্বর, ২০২৫
পরিবারের কাছে দুবাই যাওয়ার কথা জানালেও শেষ পর্যন্ত পাকিস্তানে নিষিদ্ধঘোষিত সংগঠন তেহরিক-ই-তালেবান (টিটিপি) হয়ে যুদ্ধ করতে গিয়ে পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছেন মাদারীপুরের এক তরুণ ফয়সাল হোসেন মোড়ল (২১)।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে নিহতের পরিচয় নিশ্চিত করেন তার পরিবার। তার মৃত্যু কোনোভাবেই মানতে পারছেন না পরিবারের সদস্যরা। ফয়সালের মৃত্যুতে তার গ্রামের বাড়িতে চলছে মাতম।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ফয়সালের বাড়ি মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছোট দুধখালী গ্রামে। তিনি আউয়াল মোড়লের ছেলে।
প্রায় দুই বছর আগে ফয়সাল পরিবারের কাছে দুবাই যাওয়ার জেদ ধরেন। কিন্তু অর্থের অভাবে পরিবার সম্মতি না দেওয়ায় হঠাৎ নিখোঁজ হয়ে যান তিনি। পরে বড় ভাই আরমান মোড়লকে ফোনে জানায়, সে দুবাই অবস্থান করছে। তবে বিস্তারিত কিছু বলত না।
ফয়সালের চাচা আব্দুল হালিম মোড়ল তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি বলেন, “গত ঈদুল আজহার সময় গোয়েন্দা পুলিশ জানায় ফয়সাল আফগানিস্তানে রয়েছে। অথচ পরিবারের কাছে সে দাবি করেছিল দুবাই আছে। এখন শুনতে হচ্ছে সে পাকিস্তানে গিয়ে নিহত হয়েছে।
আরও পড়ুন…সোনার দাম বাড়লো আবারও
পরিবার সূত্রে জানা গেছে, দেশে থাকাকালে ফয়সাল ধর্মীয় রীতিনীতি মেনে চলতেন এবং বাজারে টুপি, তাসবিহ, আতরসহ ধর্মীয় সরঞ্জাম বিক্রি করতেন। ২০২৪ সালের মার্চে তিনি দেশ ছাড়েন।
ফয়সালের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তার গ্রামের বাড়ি ও মাদারীপুর জুড়ে শোক ও সমালোচনার ঝড় বইছে। পরিবার এখনো এই মৃত্যু মেনে নিতে পারছে না।
পাকিস্তানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত শুক্রবার রাতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের কারাক জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৭ টিটিপি সদস্য নিহত হয়। তাদের মধ্যে ফয়সালও ছিলেন। সেনা অভিযানে নিহতদের কাছ থেকে পরিচয়পত্র, টাকা ও ব্যক্তিগত জিনিসপত্র উদ্ধার করা হয়।
পাকিস্তানের আফগান সীমান্ত ঘেষা খাইবার পাখতুনখোয়া প্রদেশের কারাক জেলার দর্শখেলের শাহ সেলিম থানার কাছে সেনাবাহিনীর চালানো অভিযানে ওই যুবক নিহত হয়।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.