বিশ্ব খাদ্য দিবসে মহাসচিবের আহ্বান: ঐক্যে ক্ষুধামুক্ত বিশ্ব গঠন
ইবাংলা.প্রেস ডেস্ক | ১৩ অক্টোবর ২০২৫
বিশ্ব খাদ্য দিবস ২০২৫ উপলক্ষে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বার্তায় বলেছেন, “আমাদের হাতে রয়েছে জ্ঞান, সম্পদ ও প্রযুক্তি—যা দিয়ে ক্ষুধা নির্মূল করা সম্ভব। এখন সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্যের।” সোমবার (১৩ অক্টোবর) জাতিসংঘ ত্যথ কেন্দ্র ঢাকা থেকে বিশ্ব খাদ্য দিবসের উপলক্ষে মহাসচিবের একটি লিখিত বার্তা প্রদান করেন।
আরও পড়ুন…জলবায়ু পরিবর্তনে বিপন্ন ৪৩% প্রাকৃতিক ঐতিহ্য, সতর্ক করলো আইইউসিএন
বার্তায় মহাসচিব বলেন, আশি বছর আগে যুদ্ধবিধ্বস্ত এক পৃথিবীতে দেশগুলো একত্রিত হয়েছিল ক্ষুধাকে পরাজিত করার লক্ষ্যে। এরপরের কয়েক দশকে পৃথিবী খাদ্য উৎপাদন ও বিতরণে অভাবনীয় অগ্রগতি করেছে। তবে সাম্প্রতিক সংকটগুলো দেখিয়ে দিয়েছে—এই অর্জন ধরে রাখতে বিশ্বকে আরও সতর্ক ও ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি জানান, বর্তমানে বিশ্বে প্রায় ৬৭ কোটি ৩০ লক্ষ মানুষ প্রতিদিন না খেয়ে ঘুমাতে যায়, আর আরও কোটি মানুষ জানে না তাদের পরবর্তী খাবার কখন মিলবে। অনেক অঞ্চলে অগ্রগতি ধীর হয়ে পড়েছে, কোথাও আবার পরিস্থিতি উল্টো দিকে যাচ্ছে।
গুতেরেস বলেন, “নতুন চ্যালেঞ্জ দেখা দিচ্ছে—বাড়তে থাকা স্থূলতা, জলবায়ু পরিবর্তনের অভিঘাত, এবং সংঘাতপূর্ণ এলাকায় ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এটি মানবতার জন্য লজ্জাজনক।”
এই বছরের বিশ্ব খাদ্য দিবসের প্রতিপাদ্য—“উন্নত খাদ্য ও উন্নত ভবিষ্যতের জন্য হাতে হাত”—যা সীমান্ত, খাত ও সমাজের মধ্যে সংহতির প্রতীক বলে উল্লেখ করেন মহাসচিব। তিনি আরও বলেন, জাতিসংঘের আহ্বানে ছয়টি মূল ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়ে পদক্ষেপ নিতে হবে, যাতে খাদ্য ব্যবস্থা টেকসই হয় ও পৃথিবী রক্ষা পায়।
বার্তার শেষে মহাসচিব সকল দেশ ও প্রতিষ্ঠানকে আবারও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান, যাতে এমন এক বিশ্ব গড়া যায়—যেখানে কেউ অনাহারে থাকবে না, আর প্রতিটি মানুষ পুষ্টিকর ও নিরাপদ খাদ্য পাবে।
ইবাংলা.প্রেস/ বাএ


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.