টাঙ্গাইলের জনসভায় তারেক রহমানের আহ্বান: রাজনীতির মূল লক্ষ্য হবে মানুষের জীবন বদল

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ৩১ জানুয়ারী ২০২৬

আগামী দিনের রাজনীতি কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়, বরং সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন এবং দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যেই পরিচালিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

Islami Bank

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল উপজেলার দরুন চরজানা বাইপাস এলাকায় আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, এই দেশ কোনো দলের কিংবা কোনো ব্যক্তির সম্পত্তি নয়। এ দেশের প্রকৃত মালিক সাধারণ মানুষ। তাই দেশের মালিকানা জনগণের হাতেই ফিরিয়ে দিতে হবে।

বিগত সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, গত ১৫ থেকে ১৬ বছর ধরে দেশের মানুষ উন্নয়নের প্রকৃত সুফল থেকে বঞ্চিত হয়েছে। মেগা প্রকল্পের নামে হয়েছে মেগা দুর্নীতি। একই সঙ্গে গুম, মিথ্যা মামলা ও গায়েবি মামলার শিকার হয়ে সাধারণ মানুষ তাদের মৌলিক অধিকার হারিয়েছে।

আরও পড়ুন…ত্রয়োদশ নির্বাচনে ৩৭ হাজারের বেশি বিজিবি প্রস্তুত, সঙ্গে কুইক রেসপন্স ও হেলিকপ্টার ইউনিট

তিনি বলেন, এসব অধিকার ফিরিয়ে দিতে আগামী ১২ তারিখের নির্বাচনে দল-মত নির্বিশেষে সবাইকে ভোটকেন্দ্রে উপস্থিত হতে হবে।

ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, এখনো একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে। এনআইডি বা বিকাশ নম্বর সংগ্রহের মাধ্যমে বিশেষ করে মা-বোনদের বিভ্রান্ত করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

২০০৮ সালের ‘বাক্সের ম্যাজিক’ এবং ফলাফল পরিবর্তনের ঘটনার প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, এমন ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। গণতন্ত্র শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত না হলে সুশাসন ও মানুষের অধিকার নিশ্চিত করার পথ আবারও বাধাগ্রস্ত হবে বলেও তিনি মন্তব্য করেন।

one pherma

ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান জানান, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। একই সঙ্গে কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে। সে লক্ষ্যেই কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করার পরিকল্পনা রয়েছে বিএনপির।

এছাড়া মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মের ধর্মীয় গুরুদের জন্য মাসিক সরকারি সম্মানী চালুর প্রতিশ্রুতিও দেন তিনি।

আরও পড়ুন…দুই দিনের ধাক্কায় ভরিতে ৩০ হাজার টাকার বেশি কমলো সোনা, বড় পতনে বাজারে চমক

প্রতিপক্ষের সমালোচনায় সময় নষ্ট না করে নিজেদের সুস্পষ্ট ভবিষ্যৎ পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরার ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, জনগণের কাছে আগামী দিনের কাজের রূপরেখা উপস্থাপন করাই একটি রাজনৈতিক দলের প্রধান দায়িত্ব।

জনসভা শেষে তিনি টাঙ্গাইল জেলার আটটি আসনের দলীয় প্রার্থীদের জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং তাদের প্রতি সহযোগিতা ও দেখভালের দায়িত্ব সাধারণ মানুষের ওপর ন্যস্ত করেন।

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us