বিক্ষিপ্ত সহিংসতার আশঙ্কা থাকলেও নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়বে: পররাষ্ট্র উপদেষ্টা
ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ০১ ফেব্রুয়ারি ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি ৫৫ শতাংশের বেশি হবে বলে আশাবাদ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। একই সঙ্গে নির্বাচনকালীন সময়ে বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন সহিংসতার আশঙ্কাও রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
রোববার (১ ফেব্রুয়ারি) মিডিয়া রিসোর্স ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) ও ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) আয়োজিত এক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে কিছু বিচ্ছিন্ন সহিংস ঘটনা ঘটতে পারে। তবে তারপরও দেশের মানুষ একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করছে।
তিনি বলেন, ১৯৯১ সাল থেকে এখন পর্যন্ত অনুষ্ঠিত প্রতিটি জাতীয় নির্বাচনেই কমবেশি সহিংসতা ছিল। তবুও এবারের নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুন…টাঙ্গাইলের জনসভায় তারেক রহমানের আহ্বান: রাজনীতির মূল লক্ষ্য হবে মানুষের জীবন বদল
নির্বাচনে সাংবাদিকদের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে তৌহিদ হোসেন বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সাংবাদিকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি নির্বাচনকালীন সময়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি।
১৯৯১ সালের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জাতীয় নির্বাচনের উদাহরণ টেনে তিনি বলেন, সে সময় ভোটার উপস্থিতি ছিল ৫৫ শতাংশ। তার বিশ্বাস, আগামী ১২ তারিখে অনুষ্ঠিত নির্বাচনে সেই হার ছাড়িয়ে যাবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতিসংঘের উন্নয়ন সংস্থার এক প্রতিনিধি। তিনি বলেন, একটি নিরাপদ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সাংবাদিকদের নিরাপত্তা অত্যন্ত জরুরি। বিশেষ করে ডিজিটাল পরিসরে নারী প্রার্থী ও নারী সাংবাদিকদের নিরাপত্তার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.