ঝালকাঠিতে পারিবারিক কলহে মায়ের প্রাণ গেল, ছেলে আটক

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ০১ ফেব্রুয়ারি ২০২৬

ঝালকাঠিতে ছেলের হাতে এক নারী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের বৈদারাপুর মোল্লা বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম শেফালী বেগম (৬২)। তিনি ওই এলাকার আহম্মদ খানের স্ত্রী। ঘটনার পর অভিযুক্ত ছেলে সাগর খানকে (৩২) পুলিশ আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাগর খান মাদকাসক্ত ছিলেন এবং কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে পরিবার দাবি করেছে। পরিবারের সদস্যদের সঙ্গে তার আচরণও ছিল অস্বাভাবিক। রোববার দুপুরে মায়ের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে এই ঘটনা ঘটে।

ঘটনার পর স্থানীয়রা শেফালী বেগমকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. বেলায়েত হোসেন জানান, মরদেহ প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে সাগর খানকে আটক করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ইবাংলা বাএ

Islami Bank
one pherma

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us