আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিবের বার্তা
ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ১০ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বিশ্বের তরুণদের সৃজনশীলতা, নেতৃত্ব ও উদ্ভাবনী শক্তির প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব। একই সঙ্গে তরুণদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আরও বেশি সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি।
১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস। এ বছরের প্রতিপাদ্য “ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা”। জাতিসংঘ মহাসচিবের বার্তায় বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশের তরুণদের মধ্যে নানা পার্থক্য থাকলেও মর্যাদা, অংশগ্রহণ ও সুযোগের ক্ষেত্রে তাদের আকাঙ্ক্ষা অনেকটাই অভিন্ন।
আরও পড়ুন…ফেলের হার বেশি হওয়ার কারণ জানালেন ঢাকা বোর্ড চেয়ারম্যান
বার্তায় অর্থনৈতিক অনিশ্চয়তা, ডিজিটাল অন্তর্ভুক্তি ও জলবায়ু পরিবর্তনকে তরুণদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করা হয়। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগের প্রয়োজন রয়েছে বলেও জানানো হয়।
তরুণরা ইতোমধ্যে সংগঠক ও উদ্ভাবক হিসেবে বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে উল্লেখ করে জাতিসংঘ মহাসচিব বলেন, ভবিষ্যৎ গঠনে তাদের সমালোচনামূলক চিন্তাভাবনা, সমস্যা সমাধান ও ডিজিটাল দক্ষতা আরও বাড়াতে হবে।
তিনি বলেন, তরুণদের সমান অংশীদার হিসেবে কাজ করার সুযোগ দিলে টেকসই উন্নয়ন ত্বরান্বিত করার পাশাপাশি বর্তমান বিশ্বের বিভিন্ন সংকট মোকাবিলায় তাদের শক্তি ও দক্ষতাকে কাজে লাগানো সম্ভব।
স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণে তরুণদের আরও বড় ভূমিকা দেওয়ার আহ্বান জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, তরুণদের মধ্যে যা বিভেদ সৃষ্টি করে, তার চেয়ে যা তাদের একত্রিত করে তা অনেক বেশি।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.