ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাব প্রতিষ্ঠার ৪১ বছরে পদার্পণ করেছে।১৯৮৬ সালের ২২ নভেম্বর প্রতিষ্ঠিত এ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২২ নভেম্বর) বিকেলে নবীনগর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরও পড়ুন…তরুণ উদ্ভাবকদের সৃজনশীলতায় মুখরিত রেডিয়াস ইন্টারন্যাশনাল স্কুলের বিজ্ঞান প্রদর্শনী
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।অনুষ্ঠানে সঞ্চালনা করেন নবীনগর প্রেসক্লাবের সাবেক দুইবারের সফল সাধারণ সম্পাদক, মোহনা টেলিভিশন ও আজকের পত্রিকার নবীনগর উপজেলা প্রতিনিধি হাজী সাইদুল আলম সোরাফ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন তাজুল ইসলাম। গীতা পাঠ করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল। এ সময় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কালাম খন্দকারসহ আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা এবং নবীনগর থানার অফিসার ইনচার্জ মোর্শেদুল আলম চৌধুরী।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি।
আলোচনা সভায় প্রেসক্লাবের দীর্ঘ পথচলা, সাংবাদিকতার দায়িত্বশীলতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং এলাকার উন্নয়ন ও জনস্বার্থে সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় এবং দেশ, জাতি ও প্রেসক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চার দশকেরও বেশি সময় ধরে নবীনগর প্রেসক্লাব স্থানীয় সাংবাদিকতা, সংবাদ পরিবেশন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির ঐতিহ্য ও গৌরবময় পথচলার নতুন অধ্যায়ের সূচনা হলো।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.