‘নৌকা’ থাকছে, অন্তর্ভুক্ত হচ্ছে না ‘শাপলা’: নির্বাচন কমিশন
ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ১৩ জুলাই ২০২৫
নিবন্ধন স্থগিত হলেও আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক আপাতত নির্বাচন কমিশনের (ইসি) তফসিল থেকে বাদ দেওয়া হচ্ছে না। পাশাপাশি ‘শাপলা’ প্রতীকও এখনই নতুনভাবে যুক্ত হচ্ছে না, এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। রোববার (১৩ জুলাই) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন…মিটফোর্ডে সোহাগ হত্যায় গ্রেফতার ৭, চিরুনি অভিযানের ইঙ্গিত স্বরাষ্ট্র উপদেষ্টার
নির্বাচন কমিশনার বলেন, “আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হয়েছে এবং তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ রয়েছে—এটি ঠিক। কিন্তু নির্বাচনী তফসিলে থাকা প্রতীক সরাসরি বাদ দেওয়া যায় না। প্রতীকগুলো কমিশনের নিয়ন্ত্রণে থাকে এবং যেহেতু কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, তাই আপাতত নৌকা প্রতীক তফসিলে থাকছে।”
‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি) থেকে ‘শাপলা’ প্রতীক অন্তর্ভুক্তির আবেদন প্রসঙ্গে কমিশনার জানান, “নতুন কোনো প্রতীক যোগ করতে হলে তা কমিশনের সংরক্ষিত তালিকায় থাকতে হয়। বর্তমানে শাপলা প্রতীক নেই। এনসিপি যদি দল হিসেবে নিবন্ধন পায়, তখন কমিশন আইনানুগভাবে পর্যালোচনা করবে।”
এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা। তারা দাবি করেন,
“আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হওয়ায় তাদের প্রতীক তফসিলে রাখা আইনসংগত নয়। এ বিষয়ে নির্বাচন কমিশন যে প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে, সেখান থেকেই ‘নৌকা’ প্রতীক বাদ দেওয়া উচিত।” সিইসি জানান, আইনি ও সাংবিধানিক দিকগুলো পর্যালোচনা করে কমিশন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
নিবন্ধন স্থগিত ও রাজনৈতিক নিষেধাজ্ঞার প্রেক্ষাপট: গত ১৩ মে অন্তর্বর্তীকালীন সরকার একটি প্রজ্ঞাপন জারি করে— যাতে আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার শেষ না হওয়া পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করা হয়।
একই দিন নির্বাচন কমিশন আওয়ামী লীগের রাজনৈতিক নিবন্ধন স্থগিত করে। ফলে দলটির নির্বাচন ও রাজনৈতিক কার্যক্রম আপাতত অনির্বাহী অবস্থায় রয়েছে।
বর্তমানে নির্বাচন কমিশনের প্রতীক তালিকায় ‘নৌকা’ প্রতীক থাকলেও এর ভবিষ্যৎ নির্ভর করছে আইনি ব্যাখ্যা, সরকার ও কমিশনের পরবর্তী সিদ্ধান্তের ওপর। অন্যদিকে ‘শাপলা’ প্রতীক যুক্ত করার ক্ষেত্রে প্রক্রিয়াগত নিয়ম অনুসরণ করতে হবে এনসিপিসহ নতুন দলগুলোকে।
ইবাংলা/ বা এ


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.