রাজধানীর কাকরাইলে হামলায় গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের জ্ঞান ফিরে এসেছে। শনিবার সকাল ৭টা ৫ মিনিটে তার ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়।
স্ট্যাটাসে জানানো হয়, নুর বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন। সেখানে লেখা হয়— “নুরুল হক নুরের ওপর গতরাতে হামলার পর তিনি এখন পর্যন্ত আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। কিছুটা হুঁশ ফিরেছে। সবাই তার জন্য দোয়া করবেন।”
স্ট্যাটাসের সঙ্গে নুরের হাসপাতালের বেডে শায়িত দুটি ছবিও প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যায়— তার নাকে ব্যান্ডেজ বাঁধা এবং মুখে অক্সিজেন মাস্ক লাগানো রয়েছে।
আরও পড়ুন…কাকরাইল সংঘর্ষে সেনা-পুলিশ মোতায়েন: আইএসপিআরের ব্যাখ্যা
এর আগে শুক্রবার রাতেই গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানিয়েছিলেন, নুরের মাথায় আঘাত লেগে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। পরে চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় গুরুতর আহত হন নুর। রক্তাক্ত অবস্থায় সেখান থেকে তাকে দলীয় নেতাকর্মীরা উদ্ধার করে হাসপাতালে নেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, নুরের মুখ থেকে বুক পর্যন্ত রক্তে ভিজে গেছে। তার নাক ফেটে যায় এবং তিনি স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হচ্ছেন।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.