ভারতের সামনে পাকিস্তানের অসহায় আত্মসমর্পণ

স্পোর্টস ডেস্ক | ইবাংলা.প্রেস | আবুধাবী থেকে রাজিবুল ইসলাম

আবারও ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে আলোচনার ঝড়। কিন্তু শেষ পর্যন্ত ফলাফলে কোনো পরিবর্তন হলো না। ব্যাট-বলের লড়াইয়ে পাকিস্তান যেন একই চিত্রনাট্য ঘুরিয়ে ফিরিয়ে লিখছে অসহায় আত্মসমর্পণ।

Islami Bank

আরও পড়ুন…সহজ লক্ষ্য দিলো পাকিস্তান ভারতকে

এশিয়া কাপের সুপার ফোরে ওঠার লড়াইয়ে ভারতীয়দের সামনে পাত্তা পেল না পাকিস্তান। ব্যাট হাতে শুরু থেকেই ধস নেমে তারা গুটিয়ে যায় ১২৭ রানে। জবাবে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল সহজেই ১৫.৫ ওভারেই জয় তুলে নেয় ৭ উইকেট হাতে রেখে।

ম্যাচের প্রথম বল থেকেই পাকিস্তানের বিপর্যয় শুরু। হার্দিক পান্ডিয়ার বলে শূন্য রানে ফিরলেন সাইম আইয়ুব। এরপর একে একে ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে ব্যাটসম্যানরা পরিণত হলেন অসহায় চরিত্রে। জসপ্রিত বুমরাহর দাপট, সাথে স্পিনারদের নিয়ন্ত্রণে গুটিয়ে যায় রানের চাকা।

one pherma

পাকিস্তানের হয়ে একমাত্র লড়াকু ইনিংস আসে সাহিবজাদা ফারহানের ব্যাট থেকে—৪০ বলে ৪০। তবে ধীরগতির সেই ইনিংস দলের সংকট ঘোচাতে পারেনি। শেষদিকে শাহীন শাহ আফ্রিদির ১৬ বলে ৩৩ রানের ঝড় কিছুটা লড়াই ফেরালেও তা যথেষ্ট ছিল না।

ভারতের রান তাড়ায় শুরু থেকেই শুবমান গিল (২২) ও অভিষেক শর্মা (৩১) দারুণ ভিত্তি গড়ে দেন। এরপর তিলক ভার্মার ৩১ রানের ইনিংসে সহজ পথ তৈরি হয়। জয় নিশ্চিত হয় অধিনায়ক সূর্যকুমারের ব্যাটে। তিনি ৩৭ বলে অপরাজিত ৪৭ রানে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। শেষটা করেন দুর্দান্তভাবে—সুফিয়ান মুকিমকে মিডউইকেট দিয়ে ছক্কা মেরে।

এই জয়ে টানা দ্বিতীয় ম্যাচ জিতল ভারত। সুপার ফোরে খেলার পথও প্রায় নিশ্চিত। অন্যদিকে পাকিস্তান আবারও প্রমাণ করল, কথার লড়াই যত জোরালোই হোক, মাঠের খেলায় ভারতের সামনে এখনো অনেকটা পিছিয়ে তারা।

ইবাংলা.প্রেস/ বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us