শের-ই বাংলা স্টেডিয়ামের নতুন প্রবেশ বিধিতে বিএসপিএ ও বিএসজেএর প্রতিবাদ
ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ০১ ফেব্রুয়ারি ২০২৬
শনিবার (৩১ জানুয়ারি, ২০২৬) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে পাঠানো এক লিখিত বিবৃতিতে বিএসপিএ জানায়, সম্প্রতি ঘোষিত এই প্রবেশ নীতিমালা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করছে।
বিবৃতিতে সংগঠনটি উল্লেখ করে, বিসিবির সঙ্গে দীর্ঘদিন ধরেই তারা সহযোগিতামূলক সম্পর্ক বজায় রেখে আন্তর্জাতিক মিডিয়া নীতিমালা অনুসরণ করে কাজ করে আসছে। বিসিবির মিডিয়া কমিটির মাধ্যমে অ্যাক্রেডিটেশনসহ নানা বিষয়ে নিয়মিত পরামর্শ ও সহায়তা দিয়ে আসছে বিএসপিএ।
বিএসপিএ আরও জানায়, শের-ই বাংলা স্টেডিয়ামে চলমান নিরাপত্তা জোরদার কার্যক্রমে সাংবাদিকরা কোনোভাবেই বাধা নয়। বরং ক্রীড়া সাংবাদিকরা দায়িত্বশীলতার সঙ্গে পেশাগত কাজ করে দেশি-বিদেশি অঙ্গনে বাংলাদেশের ক্রিকেটকে তুলে ধরছেন।
নীতিনির্ধারণের সময় সাংবাদিকদের এই অবদান বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়ে সংগঠনটি বিসিবির কাছে অবিলম্বে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার দাবি জানিয়েছে। পাশাপাশি বিএসপিএ ও সংশ্লিষ্ট গণমাধ্যম সংগঠনগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য ও সহযোগিতামূলক সমাধানে পৌঁছানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন…বিক্ষিপ্ত সহিংসতার আশঙ্কা থাকলেও নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়বে: পররাষ্ট্র উপদেষ্টা
বিবৃতিতে স্বাক্ষর করেন বাংলাদেশ ক্রীড়া সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো. সামন হোসেন।
এদিকে পৃথক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএসজেএ) জানায়, শের-ই বাংলা স্টেডিয়ামে প্রবেশ সংক্রান্ত বিসিবির নতুন বিধিনিষেধ তাদের দৈনন্দিন পেশাগত কাজ ব্যাহত করবে বলে তারা মনে করছে।
বিএসজেএ বলেছে, নিরাপত্তা জোরদারের বিষয়ে তারা পূর্ণ সহযোগিতায় প্রস্তুত থাকলেও সংবাদকর্মীদের দূরে ঠেলে রেখে ক্রিকেটের উন্নয়ন ও প্রসার সম্ভব নয়।
বিবৃতিতে আরও বলা হয়, দেশের ক্রিকেট এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সংবাদমাধ্যম একটি গুরুত্বপূর্ণ অংশীদার—এ কথা বিসিবির পক্ষ থেকেই বিভিন্ন সময়ে বলা হয়েছে। কিন্তু এত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নেওয়ার আগে ক্রীড়া সাংবাদিক সংগঠনগুলোর সঙ্গে কোনো আলোচনা না করায় তারা হতাশ ও বিস্মিত।
বিসিবির এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে বিএসজেএ বলেছে, এ ধরনের পদক্ষেপ স্বাধীন ও মুক্ত সাংবাদিকতার স্বাভাবিক পথকে বাধাগ্রস্ত করবে।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.