ফিলিং স্টেশনে তেল নিতে এসে ট্রাকচাপায় নিহত ২

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ১৫ মার্চ ২০২৬

রাজবাড়ীতে ফিলিং স্টেশনে তেল নিতে এসে ট্রাকচাপায় দু’জন নিহত হয়েছেন। রোববার (১৫ মার্চ) সন্ধ্যা ৭টা ৯ মিনিটে সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় সপ্তবর্ণা ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

Islami Bank

নিহতরা হলেন রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ব্রাকপাড়া এলাকার ইদ্রিস পাটোয়ারীর ছেলে সোবাহান পাটোয়ারী (৪৫) এবং ঢাকার ধামরাই উপজেলার নান্নার গ্রামের সরল মিয়ার ছেলে স্বপন মিয়া (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ড্রাম ট্রাকের মালিক সোবাহান পাটোয়ারী তার ট্রাকে তেল নেয়ার জন্য সপ্তবর্ণা ফিলিং স্টেশনে এসে ট্রাক থেকে নেমে ডিজেল সরবরাহকারী ফুয়েল ডিসপেনসার মেশিনের সামনে দাঁড়িয়েছিলেন। একই সময় ঢাকা থেকে বেনাপোলগামী একটি ট্রাকের হেলপার স্বপন মিয়া ট্রাকটি সিরিয়ালে রেখে পাম্পের সামনে দাঁড়িয়ে ছিলেন।

আরও পড়ুন…সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার

one pherma

এ সময় একটি মাহেন্দ্র গাড়ি মেশিন থেকে তেল নিচ্ছিল। হঠাৎ একটি ট্রাক বেপরোয়া গতিতে পাম্পে ঢুকে পেছন দিক থেকে মাহেন্দ্র গাড়িটিকে চাপা দেয়।

এতে মাহেন্দ্রর সামনে দাঁড়িয়ে থাকা সোবাহান পাটোয়ারী ও স্বপন মিয়াকে চাপা দেয় ট্রাকটি।গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রাজবাড়ীর খানখানাপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ হারুন-অর-রশিদ জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহতদের মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us