ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত হিসেবে তাহসান খানের চুক্তি নবায়ন

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২২ এপ্রিল ২০২৬

 (ইবাংলা.প্রেস): রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় কাজ অব্যাহত রাখতে জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR-এর শুভেচ্ছাদূত হিসেবে জনপ্রিয় সংগীতশিল্পী, অভিনেতা ও উপস্থাপক তাহসান খান-এর চুক্তি নবায়ন করা হয়েছে।

Islami Bank

বুধবার (২২ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়। ২০২১ সালে প্রথমবারের মতো বাংলাদেশে ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত হওয়ার পর থেকে তাহসান সচেতনতা বৃদ্ধি এবং জনসম্পৃক্ততা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।

আরও পড়ুন…অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী

চুক্তি নবায়ন উপলক্ষে তাহসান খান বলেন, “রোহিঙ্গারা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর প্রায় নয় বছর পার হয়েছে। একটি টেকসই সমাধান না আসা পর্যন্ত তাদের এই দুর্ভোগের প্রতি আমাদের সহানুভূতিশীল থাকা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “আমি এমন সব পরিবারের সঙ্গে কথা বলেছি যারা অকল্পনীয় ক্ষতি ও কষ্টের শিকার হয়েছেন। তাদের ঘুরে দাঁড়ানোর শক্তি আমাকে অনুপ্রাণিত করে। আমি তাদের গল্পগুলো সবার সামনে তুলে ধরতে চাই।” বাংলাদেশে ইউএনএইচসিআরের প্রতিনিধি ইতো জেইসেন বলেন, “তাহসান দীর্ঘদিন ধরে শরণার্থীদের পক্ষে একজন নিবেদিত কণ্ঠস্বর। তার সম্পৃক্ততা সহানুভূতি ও দায়িত্ববোধের প্রতিফলন।”

one pherma

তিনি আরও বলেন, তাহসানের নিয়োগের মেয়াদ বাড়াতে পেরে সংস্থাটি গর্বিত এবং শরণার্থীদের সুরক্ষা ও সহায়তায় তার সঙ্গে কাজ অব্যাহত থাকবে।
গত কয়েক বছরে তাহসান কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন, শরণার্থী সম্প্রদায়ের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন এবং বিশ্ব শরণার্থী দিবসসহ বিভিন্ন আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নিয়েছেন।

২০২৫ সালে তিনি কক্সবাজারের একটি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং এ ঘটনাকে রোহিঙ্গা শরণার্থীদের চলমান দুর্ভোগের একটি করুণ চিত্র হিসেবে উল্লেখ করেন। পরিদর্শন শেষে তাহসান বলেন, “অনেক শরণার্থী স্বেচ্ছায় নিরাপদে নিজ দেশে ফিরতে চান। যতদিন তা সম্ভব না হচ্ছে, ততদিন আমাদের তাদের পাশে থেকে সহায়তা, সুরক্ষা এবং জীবনরক্ষাকারী সেবা নিশ্চিত করতে হবে।”

বর্তমানে বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নিয়েছেন, যাদের অধিকাংশই কক্সবাজার জেলার ৩৩টি ঘনবসতিপূর্ণ ক্যাম্পে বসবাস করছেন—যা বিশ্বের বৃহত্তম শরণার্থী বসতিগুলোর একটি। ইউএনএইচসিআরের বৈশ্বিক শুভেচ্ছাদূতদের একজন হিসেবে তাহসান খান শরণার্থীদের অধিকার ও প্রয়োজন তুলে ধরতে এবং জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন।

ইবাংলা.প্রেস/ বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us