ওআইসি যুব সম্মেলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হকের
ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ১২ মে ২০২৬
তুরস্কের কোনিয়াতে ‘ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২৬’-এর জমকালো উদ্বোধন অনুষ্ঠানে আজ প্রবন্ধ উপস্থাপন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। সেখানে তিনি ওআইসিভুক্ত দেশগুলোর তরুণ প্রজন্মের মধ্যে সহযোগিতা ও সংহতি আরও জোরদার করার জোরালো আহ্বান জানান।
বক্তব্যের শুরুতেই প্রতিমন্ত্রী বলেন, ওআইসি ইয়ুথ ক্যাপিটাল কর্মসূচিটি মুসলিম বিশ্বের তরুণদের জন্য সাংস্কৃতিক বিনিময় এবং নীতিগত উদ্ভাবনের একটি অন্যতম প্ল্যাটফর্ম।
তিনি মনে করেন, জলবায়ু পরিবর্তন ও ডিজিটাল নৈতিকতার মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় এই প্ল্যাটফর্ম তরুণদের একটি শক্তিশালী ভিত্তি প্রদান করবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ এই সম্মেলনকে সদস্য দেশগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচনা করে।
দেশের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন তার ডেমোগ্রাফিক ডিভিডেন্ড উপভোগ করছে, যেখানে মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশই যুবক।
আরও পড়ুন…জানা গেল প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে
তিনি ব্যাখ্যা করেন যে, বর্তমান নেতৃত্বের অধীনে বাংলাদেশ একটি শ্রম-নির্ভর অর্থনীতি থেকে জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর সমাজে রূপান্তরিত হয়েছে এবং তরুণরাই এই পরিবর্তনের মূল কারিগর।
ক্রীড়াঙ্গনেও বাংলাদেশ বিশ্বমানের অবকাঠামো তৈরি করছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের যুবকদের অদম্য মনোবল ও পরিশ্রম করার ক্ষমতা দেশকে অপার সম্ভাবনার ভূমিতে পরিণত করেছে।
যুব উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে তিনি আরও বলেন, জাতীয় যুব ও উদ্যোক্তা নীতিমালার মাধ্যমে তরুণদের দক্ষ করে গড়ে তোলা হচ্ছে এবং স্বল্প সুদে ঋণ ও স্টার্ট-আপ গ্র্যান্ট দিয়ে তাদের উদ্যোক্তা হওয়ার পথ সুগম করা হচ্ছে।
প্রতিমন্ত্রী জোর দিয়ে বলেন, সরকারের লক্ষ্য হলো এমন একটি পরিবেশ তৈরি করা, যেখানে দেশের প্রত্যন্ত অঞ্চলের কোনো তরুণের মেধা ও আইডিয়া বৈশ্বিক প্রতিষ্ঠানে রূপ নিতে পারে। তিনি খেলাধুলাকে জাতি গঠনের হাতিয়ার হিসেবে বর্ণনা করে একটি ঐক্যবদ্ধ ইসলামি বিশ্ব গঠনে ‘ওআইসি গেমস’ আয়োজনেরও প্রস্তাব পেশ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন তুরস্কের যুব ও ক্রীড়া মন্ত্রী এইচ.ই. ওসমান আসকিন বাক, ওআইসি সচিবালয়ের যুব ও ক্রীড়া বিভাগের প্রধান ড. বুবাকারি মাইগা, কোনিয়ার গভর্নর ইব্রাহিম আকিন এবং তুরস্কের একে পার্টির ডেপুটি চেয়ারম্যান আহমেদ বুইউকগুমুস।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.