মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসে জাতিসংঘ মহাসচিবের বার্তা
ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ২৪ জুন ২০২৬
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় জাতিসংঘ মহাসচিব বিশ্বব্যাপী মাদক পাচার ও অপব্যবহার মোকাবিলায় আরও শক্তিশালী, উদ্ভাবনী এবং প্রমাণভিত্তিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৬ জুন) উপলক্ষে প্রকাশিত বার্তায় তিনি বলেন, অবৈধ মাদক পাচার কোনো ক্ষতিহীন অপরাধ নয়; এটি বিশ্বজুড়ে ব্যক্তি, পরিবার ও সম্প্রদায়ের ওপর গভীর ক্ষতি ডেকে আনে এবং সহিংসতা, অপরাধ ও অস্থিতিশীলতাকে উৎসাহিত করে।
মহাসচিব উদ্বেগ প্রকাশ করে বলেন, সিন্থেটিক ড্রাগের দ্রুত বিস্তার এবং অনলাইনভিত্তিক পাচার নেটওয়ার্কের সম্প্রসারণ বৈশ্বিক সংকটকে আরও জটিল করে তুলছে।
আরও পড়ুন…আরো যেসব খাত আসছে ভ্যাটের আওতায়
একই সঙ্গে অনেক দেশে দুর্বল স্বাস্থ্যব্যবস্থা, চিকিৎসা সেবার ঘাটতি এবং সীমিত সহায়তা কার্যক্রম মাদকাসক্তি প্রতিরোধ ও পুনর্বাসনের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে।
তিনি উল্লেখ করেন, এবারের প্রতিপাদ্য বিশ্বকে দূরদৃষ্টি, উদ্ভাবন এবং সংহতির ভিত্তিতে কার্যকর সমাধান গড়ে তোলার আহ্বান জানায়। এর অংশ হিসেবে সাইবারভিত্তিক মাদক পাচার রোধে প্রযুক্তির ব্যবহার, অপরাধী চক্র ও সিন্থেটিক মাদকের উৎপাদন শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং প্রতিরোধ, ক্ষতি হ্রাস ও চিকিৎসা ব্যবস্থায় অধিক বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
বার্তার শেষাংশে জাতিসংঘ মহাসচিব বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারের বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং এই বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সাহসী, উদ্ভাবনী ও প্রমাণভিত্তিক সমাধানের প্রতি নতুন করে অঙ্গীকারবদ্ধ হতে হবে।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.