মানব পাচার বিরোধী বিশ্ব দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিবের বার্তা
ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ২৮ জুলাই ২০২৬
বিশ্ব মানব পাচার বিরোধী দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় জাতিসংঘ মহাসচিব মানব পাচারের দ্রুত বিস্তারমান নতুন রূপ—জোরপূর্বক অনলাইন প্রতারণা—নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, এই অপরাধ শুধু মানবাধিকার লঙ্ঘনই নয়, বরং আন্তর্জাতিক সংঘবদ্ধ অপরাধ চক্রের জন্য বিশাল অবৈধ আয়ের উৎসে পরিণত হয়েছে।
৩০ জুলাই প্রকাশিত বার্তায় মহাসচিব উল্লেখ করেন, বিশ্বের বিভিন্ন দেশে মানুষকে লাভজনক চাকরির প্রলোভন দেখিয়ে পাচার করা হচ্ছে। পরে তাদের অপরাধী চক্রের নিয়ন্ত্রণে রেখে অনলাইনে প্রতারণামূলক কর্মকাণ্ডে অংশ নিতে বাধ্য করা হচ্ছে। এসব প্রতারণার মাধ্যমে বিশ্বজুড়ে লাখো মানুষ আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন।
আরও পড়ুন…যে বার্তা দিলেন সিইসি ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক শেষে
তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) নতুন প্রযুক্তির অপব্যবহারের কারণে প্রতারণামূলক কর্মকাণ্ড আরও দ্রুত ছড়িয়ে পড়ছে। এই পরিস্থিতি মোকাবিলায় গোয়েন্দা সংস্থা, আইন প্রয়োগকারী সংস্থা এবং আর্থিক নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের সমন্বিত বৈশ্বিক উদ্যোগের কোনো বিকল্প নেই।
বার্তায় স্মরণ করিয়ে দেওয়া হয়, ২০২৪ সালে সদস্য রাষ্ট্রগুলো আন্তঃসীমান্ত সহযোগিতা জোরদারের লক্ষ্যে জাতিসংঘের সাইবার অপরাধ বিরোধী কনভেনশন গ্রহণ করেছে। মহাসচিব বিশ্বের সব সরকারের প্রতি দ্রুত এই কনভেনশন অনুমোদনের আহ্বান জানান।
তিনি আরও বলেন, মানব পাচার ও অনলাইন প্রতারণা টিকিয়ে রাখতে যেসব দুর্নীতি ভূমিকা রাখছে, তা কঠোরভাবে দমন করতে হবে। পাশাপাশি প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে তাদের প্ল্যাটফর্মের অপব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
একই সঙ্গে প্রতারণা কেন্দ্রগুলোর ভুক্তভোগীদের উদ্ধার, পুনর্বাসন এবং স্বাভাবিক জীবনে ফিরে যেতে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.