চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় ট্যাংক থেকে গোলাবর্ষণে আকস্মিক দুর্ঘটনায় গুরুতর আহত সেনা কর্মকর্তাকে দেখতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সিএমএইচে পৌঁছে তিনি চিকিৎসাধীন ওই সেনা কর্মকর্তার শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী আহত সেনা কর্মকর্তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন। একই সঙ্গে তার উন্নত ও সুচিকিৎসা নিশ্চিত করতে উপস্থিত চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
আরও পড়ুন…ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট
এ সময় সিএমএইচে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী আহত কর্মকর্তা ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন।
এর আগে বুধবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনা ঘটে। মর্মান্তিক এই দুর্ঘটনায় সেনাবাহিনীর দুই সদস্য নিহত হন এবং এক কর্মকর্তা গুরুতর আহত হন। পরবর্তীতে আহত কর্মকর্তাকে জরুরি ভিত্তিতে সিএমএইচে এনে ভর্তি করা হয়।দুর্ঘটনায় নিহত দুই বীর সেনা সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশাপাশি তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।