আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিবের বার্তা

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ১৯ সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। তিনি বলেছেন, বর্তমানে বিশ্ব এমন এক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে শান্তির মতো গুরুত্বপূর্ণ সম্পদের চরম ঘাটতি দেখা দিয়েছে। সহিংসতা, বিভাজন ও সংঘাতের কারণে বিভিন্ন জনগোষ্ঠী বিপর্যস্ত হয়ে পড়ছে।

২১ সেপ্টেম্বর আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় জাতিসংঘ মহাসচিব বলেন, সংঘাতের মাত্রা ও জটিলতা ক্রমেই বাড়ছে। এসব সংঘাত সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়ছে এবং সৃষ্টি করছে ব্যাপক ও দীর্ঘস্থায়ী দুর্ভোগ। একই সঙ্গে আলোচনা ও পর্যালোচনার প্রক্রিয়া থমকে যাচ্ছে, সমাধানের পথ কঠিন হয়ে পড়ছে এবং বৈশ্বিক সংহতির অভাব আরও স্পষ্ট হচ্ছে।

আরও পড়ুন…সব জেলা পরিষদের স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক: সরকার

তবে এই পরিস্থিতির মধ্যেও মানুষ যে অসহায় নয়, তা বিশ্বজুড়ে শান্তির জন্য কাজ করা বিভিন্ন ব্যক্তি ও সংগঠন প্রমাণ করছে বলে উল্লেখ করেন তিনি। স্বেচ্ছাসেবী, অধিকারকর্মী, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং শান্তি রক্ষা ও শান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত ব্যক্তিরা বিভাজন দূর করছেন, জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করছেন এবং আলোচনার পথ সুগম করছেন।

জাতিসংঘ মহাসচিব বলেন, তৃণমূল পর্যায় থেকে ধাপে ধাপে শান্তি গড়ে তুলছেন এসব শান্তির অগ্রদূত। তাঁদের কর্মকাণ্ড দেখিয়ে দিচ্ছে যে শান্তি কোনো নিষ্ক্রিয় বা স্বয়ংক্রিয় বিষয় নয়; বরং একটি উন্নত ভবিষ্যতের জন্য এটি সক্রিয় ও সচেতন বিনিয়োগের ফল।

এবারের আন্তর্জাতিক শান্তি দিবসের প্রতিপাদ্য—‘শান্তিতে বিনিয়োগ: সবার জন্য, সর্বত্র, প্রতিদিন’। প্রতিপাদ্যটির সঙ্গে সামঞ্জস্য রেখে শান্তির জন্য অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা, টেকসই উন্নয়নে বিনিয়োগ এবং মানুষের স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন জাতিসংঘ মহাসচিব।তিনি আরও বলেন, সমাজে বিভাজন দূর করতে হবে এবং প্রত্যেক মানুষের কণ্ঠস্বর শোনার সুযোগ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রতিটি মানুষের মানবাধিকার ও মর্যাদা রক্ষা করতে হবে।

শান্তি প্রতিষ্ঠার প্রমাণিত উপায়গুলোকে আরও শক্তিশালী করার ওপরও গুরুত্ব দেন তিনি। এর মধ্যে কূটনীতি, আলোচনা, সমঝোতা ও শান্তি রক্ষা কার্যক্রমকে বিশেষভাবে উল্লেখ করেন জাতিসংঘ মহাসচিব।

আন্তর্জাতিক শান্তি দিবসে শান্তির জন্য নিজ নিজ এলাকা, শ্রেণিকক্ষ ও সমাজে কাজ করে যাওয়া মানুষের সাহসিকতা থেকে অনুপ্রেরণা নেওয়ার আহ্বান জানান তিনি।একই সঙ্গে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, সকল মানুষের জন্য একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়ে তুলতে তাঁদের বিনিয়োগ করতে হবে।

ইবাংলা বাএ

জাতিসংঘবার্তামহাসচিবের