নিউইয়র্কে বিশ্বের ব্যবসায়ী নেতাদের নিয়ে COP31 বিজনেস ফোরাম

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ২৩ সেপ্টেম্বর ২০২৬

কপ৩১-এর আগে বিশ্বের শীর্ষ ব্যবসায়ী নেতাদের নিয়ে নিউইয়র্কে শুরু হয়েছে ‘কপ৩১ বিজনেস ফোরাম নিউইয়র্ক ডায়ালগ’। আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে আয়োজিত এই অনুষ্ঠানে কপ৩১-এর মনোনীত সভাপতি ও তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মুরাত কুরুম প্রথমবারের মতো বিশ্ব ব্যবসায়ী সম্প্রদায়ের কাছে কপ৩১ অ্যাকশন এজেন্ডা উপস্থাপন করবেন।

ইউনিয়ন অব চেম্বার্স অ্যান্ড কমোডিটি এক্সচেঞ্জেস অব তুর্কিয়ে (টিওবিবি) এবং কপ৩১-এর বেসরকারি খাতের দূত ও ব্লুমবার্গ যৌথভাবে এই আয়োজন করছে। নিউইয়র্কে ব্লুমবার্গের সদর দপ্তরে বিকেল সাড়ে ৩টায় সংলাপ শুরু হওয়ার কথা রয়েছে।

অনুষ্ঠানের উদ্বোধন করবেন টিওবিবির প্রেসিডেন্ট ও কপ৩১ বিজনেস ফোরামের চেয়ারম্যান এম. রিফাত হিসারচিকলিওগ্লু এবং ব্লুমবার্গ এলপির প্রতিষ্ঠাতা ও জলবায়ু উচ্চাকাঙ্ক্ষা ও সমাধানবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত মাইকেল আর. ব্লুমবার্গ।

আরও পড়ুন…এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

অনুষ্ঠানে ব্যবসায়ী নেতাদের পাশাপাশি আন্তর্জাতিক জ্বালানি সংস্থার নির্বাহী পরিচালক ড. ফাতিহ বিরোল, আন্তর্জাতিক অর্থ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মাখতার দিওপ এবং আন্তর্জাতিক চেম্বার অব কমার্সের মহাসচিব জন ডব্লিউএইচ ডেন্টন এও অংশ নেবেন।

ব্লুমবার্গ টেলিভিশনের ফ্রানসিন লাকুয়া একটি বিশেষ প্যানেল আলোচনা সঞ্চালনা করবেন। এতে কোচ হোল্ডিংয়ের ভাইস চেয়ারম্যান আলি ওয়াই. কোচসহ বেসরকারি খাতের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেবেন।

আয়োজকদের তথ্যমতে, সংলাপে ৩০০ জনের বেশি জ্যেষ্ঠ ব্যবসায়ী কর্মকর্তা অংশ নেওয়ার কথা রয়েছে। আলোচনায় কপ৩১-এর অগ্রাধিকার বাস্তবায়নে বেসরকারি খাতের ভূমিকা এবং জলবায়ু কার্যক্রমে ব্যবসায়িক বিনিয়োগ ও নেতৃত্বের বিষয়গুলো গুরুত্ব পাবে।

টিওবিবির প্রেসিডেন্ট এম. রিফাত হিসারচিকলিওগ্লু বলেন, সরকার চুক্তি স্বাক্ষর করে এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো সেই চুক্তিকে বাস্তবে রূপ দেয়। কপ৩১-এর কর্মসূচিতে কী করতে হবে তা নির্ধারণ করা হবে, আর ব্যবসায়ী সম্প্রদায় কীভাবে তা বাস্তবায়ন করা যায় তার পথ দেখাবে। নিউইয়র্কে ব্যবসায়িক রোডম্যাপ তৈরি করে তা আন্তালিয়ায় কপ৩১ প্রেসিডেন্সির কাছে উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।

কপ৩১ বিজনেস ফোরামের নিউইয়র্কের কর্মসূচি ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ২৩ সেপ্টেম্বর বিশ্বব্যাপী ব্যবসায়ী নেতাদের নিয়ে গঠিত ফোরামের উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। একই সঙ্গে ৭০০-এর বেশি সদস্য নিয়ে গঠিত সাতটি কার্যকরী দল সপ্তাহজুড়ে সরাসরি বৈঠক করবে।

এসব কার্যকরী দলের সহসভাপতিদের মধ্যে সাবান্সি হোল্ডিং, অক্টোপাস এনার্জি, স্নাইডার ইলেকট্রিক, অ্যাক্সিওনা, জিই ভার্নোভা, জেএসডব্লিউ স্টিল, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস, রোনেসান্স হোল্ডিং, মেরিডিয়াম, হানিওয়েল, ইলদিজ হোল্ডিং, ডব্লিউবিসিএসডি, বিবিভিএ, আন্তর্জাতিক চেম্বার অব কমার্স, আর্চেলিক, জাস্ট ক্লাইমেট, এমেরাল্ড এআই ও কাডিন ইন্দোনেশিয়ার প্রতিনিধিরা রয়েছেন।

কার্যকরী দলগুলোর সুপারিশ আগামী ১২ ও ১৩ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিতব্য কপ৩১ ব্যবসা ও বিনিয়োগ শীর্ষ সম্মেলনে উপস্থাপন করা হবে। কপের ইতিহাসে প্রথমবারের মতো ব্যবসা ও বিনিয়োগ শীর্ষ সম্মেলনটি নেতাদের শীর্ষ সম্মেলনের একই সময়ে অনুষ্ঠিত হবে।

সেখানে ব্যবসায়ী সম্প্রদায়ের সুপারিশ রাষ্ট্র ও সরকারপ্রধানদের কাছে তুলে ধরা হবে।আয়োজকদের প্রত্যাশা, কপ৩১-এর ‘ব্লু জোন’-এ অনুষ্ঠিতব্য এই ব্যবসা ও বিনিয়োগ শীর্ষ সম্মেলন হবে কপের ইতিহাসে এযাবৎকালের সবচেয়ে বড় ব্যবসায়িক আয়োজন।

ইবাংলা বাএ

COP31ফোরামবিজনেস