আজ থেকে শুরু কপ৩১, উদ্বোধন করলেন সম্মেলনের প্রেসিডেন্ট মুরাত কুরুম

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ০৯নভেম্বর ২০২৬

তুরস্কের আনতালিয়ায় শুরু হয়েছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১ (COP31)। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক প্রতিশ্রুতিকে বাস্তব কার্যক্রমে রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন কপ৩১-এর প্রেসিডেন্ট মুরাত কুরুম।

তিনি বলেছেন, বিশ্ব এখন জলবায়ু সংকটের পাশাপাশি অর্থনৈতিক অনিশ্চয়তা, ভূরাজনৈতিক উত্তেজনা, খাদ্যনিরাপত্তাহীনতা এবং প্রযুক্তিগত বৈষম্যের মতো বহুমুখী চ্যালেঞ্জের মুখোমুখি।

মুরাত কুরুম বলেন, জলবায়ু পরিবর্তনকে অন্যান্য বৈশ্বিক সংকট থেকে আলাদা করে দেখার সুযোগ নেই। কারণ, প্রতিটি সংকট অন্য সংকটকে আরও জটিল করে তুলছে।

আরও পড়ুন…জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় জানা গে‌ল

সংঘাত, অর্থনৈতিক চাপ, ঋণের বোঝা, খাদ্যসংকট এবং প্রযুক্তি ও বিনিয়োগে অসম প্রবেশাধিকার—সবকিছুর মধ্যেই বিশ্ব ক্রমাগত উষ্ণ হচ্ছে এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ছে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব যে কোনো একটি দেশ বা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, তা তুলে ধরে তিনি বলেন, খরা, বন্যা, পানির সংকট ও তীব্র তাপপ্রবাহ কৃষি উৎপাদন, সরবরাহব্যবস্থা, অর্থনীতি, অভিবাসন, নগরজীবন এবং জনস্বাস্থ্যের ওপর সরাসরি প্রভাব ফেলছে। তাঁর ভাষায়, বিশ্বের এক অঞ্চলের খরার প্রভাব অন্য অঞ্চলের মানুষের খাবারের টেবিলেও অনুভূত হয়।

কুরুম কপ৩১-কে ‘বাস্তবায়নের সম্মেলন’ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁর মতে, আলোচনার টেবিলে গৃহীত প্রতিশ্রুতির সঙ্গে সাধারণ মানুষের জীবনে দৃশ্যমান পরিবর্তনের মধ্যে যে ব্যবধান রয়েছে, তা কমানোই এবারের সম্মেলনের প্রধান লক্ষ্য হওয়া উচিত।

তিনি বলেন, ভূরাজনৈতিক ও অর্থনৈতিক বিভাজন অতিক্রম করে দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়াতে তুরস্ক কাজ করবে। সেতুবন্ধন তৈরির ক্ষেত্রে তুরস্কের দীর্ঘদিনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, আবারও সেই দায়িত্ব পালনে তাঁর দেশ প্রস্তুত।

উদ্বোধনী বক্তব্যে প্যারিস জলবায়ু চুক্তির আওতায় বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি প্রাক্‌-শিল্পায়ন যুগের তুলনায় ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য পুনর্ব্যক্ত করেন কুরুম। তিনি বলেন, এই লক্ষ্যই আন্তর্জাতিক জলবায়ু কার্যক্রমের পথনির্দেশক হিসেবে থাকবে এবং বিজ্ঞান যে বাস্তবতা তুলে ধরছে, তা বিবেচনায় নিয়েই কপ৩১-এ সিদ্ধান্ত নিতে হবে।

সম্মেলনের প্রথম দিন প্রকাশিত বিশ্ব আবহাওয়া সংস্থার ২০২৬ সালের জলবায়ু পরিস্থিতি হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, রেকর্ড সংরক্ষণের ইতিহাসে গত ১২ বছরই ছিল উষ্ণতম বছর। এর মধ্যে সর্বোচ্চ উষ্ণ চারটি বছর ছিল সর্বশেষ চার বছর।

এ ছাড়া কপ৩১-এর আগে তুরস্ক, অস্ট্রেলিয়া, ব্রাজিল ও আজারবাইজানের কপ প্রেসিডেন্সিগুলোর প্রকাশিত ‘বেলেম মিশন টু ১.৫’ প্রতিবেদনে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রির মধ্যে রাখার সম্ভাবনা, প্রতিবন্ধকতা এবং বাস্তবসম্মত সমাধানের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।

কুরুম বলেন, আনতালিয়ায় গৃহীত সিদ্ধান্তের প্রভাব যেন আলোচনাকক্ষের বাইরে মানুষের দৈনন্দিন জীবনেও প্রতিফলিত হয়, সেটিই তাঁর প্রেসিডেন্সির অগ্রাধিকার। জ্বালানিসাশ্রয়ী ভবন, পরিবেশবান্ধব গণপরিবহন, সাশ্রয়ী জ্বালানি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জলবায়ু প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

জ্বালানি রূপান্তর ও জলবায়ু অর্থায়নে গুরুত্ব:
উদ্বোধনী বক্তব্যে বিদ্যুতায়নকে জ্বালানি রূপান্তরের অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেন কুরুম। এ ক্ষেত্রে তুরস্কের ‘৩৫ বাই ৩৫’ বৈশ্বিক বিদ্যুতায়ন অঙ্গীকারের কথা তুলে ধরেন তিনি। এই উদ্যোগের লক্ষ্য ২০৩৫ সালের মধ্যে মোট চূড়ান্ত জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ৩৫ শতাংশে উন্নীত করা।

নবায়নযোগ্য জ্বালানি, উন্নত বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থা, জ্বালানি সংরক্ষণ, জ্বালানি দক্ষতা, পরিবেশবান্ধব পরিবহন এবং সবুজ শিল্পায়নকে এই রূপান্তরের পরস্পরনির্ভর উপাদান হিসেবে উল্লেখ করেন তিনি।

জলবায়ু অর্থায়নের বিষয়ে কুরুম বলেন, ২০৩৫ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর জন্য বছরে অন্তত ৩০০ বিলিয়ন মার্কিন ডলার জলবায়ু অর্থায়নের যে লক্ষ্য বাকু সম্মেলনে নির্ধারিত হয়েছে, তা বাস্তবায়ন করতে হবে।

পাশাপাশি সব উৎস থেকে বার্ষিক জলবায়ু অর্থায়ন অন্তত ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন তিনি।তিনি বলেন, এখন প্রতিশ্রুতির সঙ্গে প্রয়োজন অর্থায়ন, সেই অর্থায়নের মাধ্যমে বিনিয়োগ এবং বিনিয়োগের মাধ্যমে বাস্তব ফলাফল নিশ্চিত করা।

কপ৩১-এর আলোচনা ও সমন্বয়বিষয়ক প্রেসিডেন্ট অস্ট্রেলিয়ার মন্ত্রী ক্রিস বোয়েন বলেন, জলবায়ু সুরক্ষা ও বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার গুরুত্বপূর্ণ সময়ে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে কী অর্জন সম্ভব, তা দেখানোর একটি বড় সুযোগ এই সম্মেলন।

তিনি বলেন, জলবায়ু অর্থায়ন ও বিনিয়োগের সুযোগ তৈরি, বিদ্যুতায়ন ত্বরান্বিত করা এবং সমুদ্র ও প্রকৃতিভিত্তিক জলবায়ু সুরক্ষা কার্যক্রম জোরদার করাই এবারের সম্মেলনের অন্যতম অগ্রাধিকার।

বোয়েন আরও বলেন, প্রতিশ্রুতি ও বাস্তবায়নের মধ্যকার ব্যবধান কমিয়ে বিনিয়োগ, অবকাঠামো, কর্মসংস্থান, জ্বালানি নিরাপত্তা এবং দুর্যোগসহনশীল জনপদ গড়ে তোলার দিকে মনোযোগ দিতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে আরও শক্তিশালী, সহনশীল ও সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলা সম্ভব।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক নির্বাহী সচিব সাইমন স্টিয়েল উদ্বোধনী বক্তব্যে বৈশ্বিক উষ্ণায়ন ও চরম আবহাওয়ার কারণে মানুষের ওপর ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপের কথা তুলে ধরেন।

তিনি বলেন, জীবাশ্ম জ্বালানির মূল্যসংকট চলতি বছরে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা দিয়েছে। এতে পরিবারগুলোর ব্যয় বেড়েছে এবং মূল্যস্ফীতির চাপ ছড়িয়ে পড়েছে। অন্যদিকে, চলতি বছরের প্রথম ছয় মাসেই বিশ্বব্যাপী নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের ফলে ২৬৫ বিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় হয়েছে।

স্টিয়েল বলেন, অভিযোজন কার্যক্রম বিনিয়োগের ক্ষেত্রে ইতিবাচক ফল দিচ্ছে। বৈশ্বিক উষ্ণতা সীমিত রাখা এবং প্রতিটি জনগোষ্ঠী ও অর্থনীতিকে সুরক্ষিত করা সব দেশের স্বার্থের সঙ্গে জড়িত।তিনি আরও বলেন, কপ৩১-এর মাধ্যমে আলোচনার পাশাপাশি বাস্তবায়নভিত্তিক উদ্যোগ জোরদার করতে হবে, যাতে নির্ধারিত লক্ষ্যগুলো মানুষের জীবনে দৃশ্যমান সুফল বয়ে আনে।

প্রথম দিনের আলোচনায় খাদ্য, কৃষি ও স্বাস্থ্য:
কপ৩১-এর প্রথম দিনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে খাদ্য, কৃষি ও স্বাস্থ্য। জলবায়ু পরিবর্তনের কারণে এসব খাতের ওপর ক্রমবর্ধমান চাপ মোকাবিলায় দেশগুলোর সক্ষমতা বাড়ানোর বিষয়টি আলোচনায় গুরুত্ব পাচ্ছে।

চলমান সুপার এল নিনো পরিস্থিতির কারণে অতিরিক্ত প্রায় পাঁচ কোটি মানুষ তীব্র খাদ্যসংকটে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ প্রেক্ষাপটে খাদ্য উৎপাদন, জনস্বাস্থ্য এবং মানুষের জীবিকার সঙ্গে সম্পর্কিত ব্যবস্থাগুলোকে আরও জলবায়ুসহিষ্ণু করে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এদিন কপ৩১ প্রেসিডেন্সি, তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জলবায়ু ও স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক উদ্যোগের অংশীদারদের সহযোগিতায় ‘আনতালিয়া ইনিশিয়েটিভ ফর রেজিলিয়েন্ট হেলথ সিস্টেমস’ চালু করা হয়েছে। এই উদ্যোগের লক্ষ্য জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় স্বাস্থ্যব্যবস্থার পূর্বপ্রস্তুতি, অভিযোজন ও জরুরি সাড়াদানের সক্ষমতা বাড়ানো।

কৃষি খাতেও অর্থায়ন ও সম্পদের ঘাটতি দূর করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কপ৩১ প্রেসিডেন্সি, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল এবং তুরস্কের কৃষি ও বন মন্ত্রণালয়ের উদ্যোগে উচ্চপর্যায়ের নারী কৃষক সংলাপ অনুষ্ঠিত হবে।

এতে জলবায়ু অর্থায়নে নারী কৃষকদের প্রবেশাধিকারের প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা এবং ‘দ্য আনফান্ডেড হাফ’ শীর্ষক একটি যৌথ প্রতিবেদন প্রকাশের কথা রয়েছে।

একই সঙ্গে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সহযোগিতায় তরুণ কৃষকদের নিয়ে উচ্চপর্যায়ের সংলাপ আয়োজন করা হয়েছে। এতে কৃষি, পানি ও খাদ্যব্যবস্থার রূপান্তরে তরুণদের ভূমিকা তুলে ধরা হবে। এ ছাড়া কৃষি-খাদ্যব্যবস্থায় তরুণদের অংশগ্রহণ বাড়াতে ‘আনতালিয়া কল টু অ্যাকশন ফর ইয়ুথ অন অ্যাগ্রি-ফুড সিস্টেমস’ উপস্থাপন করা হবে।

তরুণদের জলবায়ু কার্যক্রমে অংশগ্রহণ বাড়াতে সম্মেলনে শিশু ও যুবকদের জন্য পৃথক প্যাভিলিয়নও চালু করা হয়েছে। সেখানে তাদের নেতৃত্ব, উদ্ভাবনী ধারণা এবং জলবায়ু সমাধান উপস্থাপনের সুযোগ থাকবে। পাশাপাশি তরুণ উদ্ভাবকদের সঙ্গে বিনিয়োগকারী ও কৌশলগত অংশীদারদের সংযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্মেলনের দ্বিতীয় দিনে তুরস্কের কৃষি ও বন মন্ত্রণালয় এবং কপ৩১ প্রেসিডেন্সির নেতৃত্বে ‘টারকোয়িজ নেক্সাস ইনিশিয়েটিভ’ চালুর পরিকল্পনা রয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার খাদ্য ও কৃষির টেকসই রূপান্তরবিষয়ক অংশীদারত্বের আওতায় এই উদ্যোগে খাদ্যব্যবস্থার রূপান্তর, টেকসই পানিব্যবস্থাপনা এবং জলবায়ু অভিযোজনকে সমন্বিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।

দুই সপ্তাহব্যাপী কপ৩১ সম্মেলনে আনুষ্ঠানিক জলবায়ু আলোচনা ও উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে ব্লু জোনে। অন্যদিকে, গ্রিন জোনে সরকারি সংস্থা, ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষাবিদ, নাগরিক সমাজ এবং তরুণদের অংশগ্রহণে জলবায়ু সমাধান ও উদ্ভাবনী উদ্যোগ তুলে ধরা হবে।

উদ্বোধনী দিনের কর্মসূচির মধ্য দিয়ে কপ৩১ প্রেসিডেন্ট মুরাত কুরুমের ঘোষিত ‘বাস্তবায়নের সম্মেলন’ ধারণার প্রতিফলন ঘটেছে। আগামী দুই সপ্তাহে আন্তর্জাতিক জলবায়ু প্রতিশ্রুতিকে অর্থায়ন, বিনিয়োগ ও কার্যকর উদ্যোগের মাধ্যমে বাস্তব ফলাফলে রূপ দেওয়াই হবে আনতালিয়া সম্মেলনের প্রধান পরীক্ষা।

ইবাংলা বাএ

কুরুমপ্রেসিডেন্টমুরাত