ইসরায়েলি আগ্রাসনে গাজায় আরও ৭৮ জনের মৃত্যু, মৃতের সংখ্যা ছাড়াল ৫৮ হাজার

ইবাংলা.প্রেস | আন্তর্জাতিক সংবাদ | ১৫ জুলাই ২০২৫, মঙ্গলবার

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় প্রতিদিনই বাড়ছে নিহতের সংখ্যা। সোমবার (১৪ জুলাই) দক্ষিণ গাজার বিভিন্ন এলাকায় চালানো বর্বরোচিত হামলায় কমপক্ষে আরও ৭৮ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আল জাজিরা ও ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফার বরাতে এই তথ্য জানা গেছে।

আরও পড়ুন…তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরউদ্দিন সিভিল এভিয়েশনে নিয়ম ভেঙে দ্বৈত পদে বহাল

সোমবার রাফা শহরে একটি ত্রাণ বিতরণকেন্দ্রের নিকটবর্তী স্থানে চালানো হামলায় নিহত হয়েছেন অন্তত পাঁচজন। তারা সবাই মানবিক সহায়তা নিতে এসেছিলেন বলে জানিয়েছে ওয়াফা। এর ফলে গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত ত্রাণকেন্দ্রের আশপাশে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩৮ জনে।

একইদিনে দক্ষিণ গাজার খান ইউনুসে একটি বাস্তুচ্যুতদের শিবিরে হামলায় নিহত হয়েছেন ৯ জন এবং আহত হয়েছেন আরও অনেকে। বুরেইজ শরণার্থী শিবিরে একটি বাণিজ্যিক ভবনে বিমান হামলায় প্রাণ হারিয়েছেন ৪ জন।

উত্তর গাজা ও গাজা শহরের তুফাহ ও শুজাইয়া এলাকায় ব্যাপক বিমান হামলায় ধ্বংস হয়ে গেছে বহু বসতবাড়ি। আল জাজিরার স্থানীয় সংবাদদাতা তারেক আবু আযম জানান, ইসরায়েলি বাহিনী এসব অঞ্চলে একের পর এক বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে।

গাজা শহরের ভেতরে ফিলিস্তিনিদের চালানো একটি ট্যাংকবিরোধী রকেট হামলায় ইসরায়েলি বাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে তেল আবিব। পাল্টা প্রতিক্রিয়ায় ওই এলাকায় আরও হামলা চালায় ইসরায়েল। ওয়াফার দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার একদিনেই কেবল গাজা শহরেই ইসরায়েলি বাহিনীর হামলায় ২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ট্রাম্পের মন্তব্যে বিতর্ক
এমন রক্তক্ষয়ী পরিস্থিতির মধ্যেও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘গাজা নিয়ে ভালো অগ্রগতি হয়েছে।’ হোয়াইট হাউসে দেওয়া তার এই মন্তব্য বিশ্বব্যাপী সমালোচনার জন্ম দিয়েছে।

দুই আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে মামলা:
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৫৮ হাজারেরও বেশি মানুষ। এদের মধ্যে অর্ধেকই নারী ও শিশু। আহত হয়েছেন প্রায় ১ লাখ ৪০ হাজার ফিলিস্তিনি।

গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। একইসঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) গণহত্যার অভিযোগে চলছে মামলার কার্যক্রম।

নিন্দার ঝড় বিশ্বজুড়ে, তবুও থেমে নেই আগ্রাসন। গাজায় চলমান এ হত্যাযজ্ঞের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ-বিক্ষোভ অব্যাহত থাকলেও, ইসরায়েলের বর্বর আগ্রাসনে কোনো বিরতি দেখা যাচ্ছে না।
ইবাংলা বাএ

আগ্রাসনেইসরায়েলিগাজায়