দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক ও তার পরিবারের বিরুদ্ধে বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুদকের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেল করেন মহাপরিচালক আক্তার হোসেন সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়ার সই করা বিজ্ঞপ্তি প্রকাশ করেন।
আরও পড়ুন…অবৈধ সম্পদ অর্জনে সাবেক সংসদ সদস্য ছলিম উদ্দিনের বিরুদ্ধে দুদকের মামলা
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, তারিক আহমেদ সিদ্দিক ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭(১), দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২), মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২), ৪(৩) এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলার সুপারিশ করা হয়েছে।
তারিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ: সাবেক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের নামে ২৮ কোটি ৫৯ লাখ ৬৩ হাজার ২৩২ টাকার জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি, তার নামে থাকা ৪টি ব্যাংক হিসাবে জমা পড়েছে ৩১ কোটি ২৫ লাখ ৭১ হাজার ১৭২.৯০ টাকা এবং উত্তোলন করা হয়েছে ৩০ কোটি ৭৪ লাখ ৮৯ হাজার ৮১১ টাকা—যার মোট লেনদেন ৬২ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এসব লেনদেনকে সন্দেহজনক ও মানি লন্ডারিং সংশ্লিষ্ট বলে বিবেচনা করা হয়েছে।
স্ত্রী শাহিন সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ: তার স্ত্রী শাহিন সিদ্দিকের বিরুদ্ধে ২৫ কোটি ৭৬ লাখ ৯৩ হাজার ২১৫ টাকার জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন এবং ১১টি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ৪৯ কোটি টাকার জমা ও ১০ কোটি ৩৭ লাখ টাকার উত্তোলনের মাধ্যমে ৫৯ কোটি ৩৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে।
মেয়ে নুরিন তাসমিয়া সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ: তাদের মেয়ে নুরিন তাসমিয়া সিদ্দিক পিতার কর্মকালীন সময়ে ৩ কোটি ৩৭ লাখ ১৭ হাজার টাকার জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন করেন বলে অভিযোগপত্রে বলা হয়েছে।
আরেক কন্যা বুশরা সিদ্দিকের বিরুদ্ধেও অভিযোগ: বুশরা সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ, তিনি পিতার কর্মরত অবস্থায় ৪ কোটি ২ লাখ ৯৭ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন এবং তা ভোগ দখলে রাখেন।
মোট হিসাব ও লেনদেনের চিত্র:
দুদক সূত্র জানায়, এসব সম্পদ ও লেনদেনের পেছনে যথাযথ উৎস বা আয়ের ব্যাখ্যা পাওয়া যায়নি, ফলে এগুলোকে দুর্নীতিজনিত আয় হিসেবে বিবেচনা করা হয়েছে। শিগগিরই এসব মামলার প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে।
ইবাংলা/ বা এ