ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান উরসুলা ভন ডার লিয়েনকে বহনকারী বিমানের জিপিএস মাঝ-আকাশে বিকল করে দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (১ সেপ্টেম্বর) বুলগেরিয়া যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
ইউরোপীয় ইউনিয়নের সন্দেহ, জিপিএস সিগন্যাল জ্যাম করার নেপথ্যে রাশিয়ার হাত থাকতে পারে। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ান, রয়টার্স, স্কাই নিউজ এ খবর প্রকাশ করেছে।
উল্লেখ্য, রুশ-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইউরোপীয় ইউনিয়ন কিয়েভের পাশে অবস্থান নিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বৈঠকেও ইউরোপীয় নেতারা উপস্থিত ছিলেন। এ পরিস্থিতিতে ইউরোপ মনে করছে, ইইউ প্রধানের বিমানে এমন বিঘ্নের সঙ্গে রাশিয়ার যোগসূত্র থাকতে পারে।
তবে শেষ পর্যন্ত উরসুলাকে বহনকারী বিমানটি নিরাপদে বুলগেরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর প্লোভডিভে অবতরণ করে।এক বিবৃতিতে ইইউ মুখপাত্র বলেন, “জিপিএস জ্যাম করা হয়েছিল, তা আমরা নিশ্চিত। বুলগেরিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, এর নেপথ্যে রাশিয়ার সম্পৃক্ততার সন্দেহ রয়েছে।
আরও পড়ুন…দুর্নীতি দমন কমিশনের ৩ অভিযান: কক্সবাজার, ঢাকা ও পাবনায় নানাবিধ অনিয়মের প্রমাণ
এদিকে, বুলগেরিয়ার সরকার জানিয়েছে, বিকল্প ব্যবস্থা ব্যবহার করেই বিমানটি অবতরণ করে। জানা গেছে, ‘কাগুজে ম্যাপ’ ব্যবহার করে পাইলটরা নিরাপদ অবতরণে সক্ষম হন।বুলগেরিয়ার বিমান পরিবহন কর্তৃপক্ষ জানায়, ২০২২ সালের জানুয়ারি থেকে এ ধরনের জিপিএস জ্যাম করার প্রবণতা বেড়েছে এবং এটি নতুন কোনো ঘটনা নয়।
রাশিয়ার পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তবে ইইউর অভিযোগ, ভয় দেখানো ও হুমকি দেওয়ার মতো কর্মকাণ্ড রাশিয়া নিয়মিতভাবেই করে থাকে।ইউরোপীয় বিশ্লেষকদের মতে, সোমবারের এই ঘটনা ইউক্রেনের প্রতি ইইউর সমর্থনকে আরও শক্তিশালী করবে।