নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ ও সরকারের দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ চলছে। পার্লামেন্ট ভবনে প্রবেশ করে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে যাওয়ায় প্রতিবেশী দেশ ভারত সীমান্ত এলাকায় উচ্চ সতর্কতা জারি করেছে।সোমবার (৮ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সশস্ত্র সীমা বল (এসএসবি)-এর এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন…ডাকসু নির্বাচন: আইডি কার্ড ছাড়া প্রবেশ নিষিদ্ধ ঢাবি ক্যাম্পাসে
তিনি জানান, পরিস্থিতিনিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সতর্কতা মূলত পূর্বসতর্কতামূলক হলেও সীমান্তজুড়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যাতে অস্থিরতা ভারতের ভূখণ্ডে ছড়িয়ে না পড়ে।ইতিমধ্যে সহিংসতায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনার পর নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি বিষয়টি নিয়ে জরুরি মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন।
ভারত-নেপাল সীমান্ত প্রায় ১ হাজার ৭৫১ কিলোমিটার দীর্ঘ, যা উত্তরাখণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও সিকিম রাজ্যের মধ্য দিয়ে বিস্তৃত। দুই দেশের নাগরিকদের মধ্যে অবাধ যাতায়াতের এই সুযোগ সামাজিক ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হলেও প্রতিবেশী দেশে রাজনৈতিক অস্থিরতা দেখা দিলে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।